India & World UpdatesHappeningsBreaking News
নেপালে চারদিকে ধ্বংসস্তূপ, মৃতের সংখ্যা ৩৮৯

ওয়েটুবরাক, ২৮ আগস্ট: নেপালে জলপ্রলয়ে মৃতের সংখ্যা বাড়ছে। নেপাল পুলিশ সূত্রে শেষ পাওয়া খবর অনুসারে, নেপাল-তিব্বত সীমান্তের কাছে জলপ্রলয়ে প্রাণহানির সংখ্যা ৩৮৯ জনে পৌঁছেছে। নিখোঁজ প্রায় দেড় হাজার। তাদের মধ্যে রয়েছেন ৩০০-র বেশি ভারতীয়।
জল-কাদা-ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে একের পর এক দেহাংশ। তাঁদের শনাক্ত করা কার্যত অসম্ভব। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নিফার ডগ থেকে ড্রোন ব্যবহার করে নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি।
কাদার নীচে ডুবে আছে জাতীয় সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সেতু। নেই বিদ্যুৎ। পানীয় জলের অভাব। নেপাল জুড়ে হাহাকার।
নেপাল প্রশাসন জানিয়েছে, ভোতেকোশি ও ত্রিশূলি নদীর তীরবর্তী এলাকাগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জেলায় রাস্তাঘাট নিশ্চিহ্ন, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত।
এরই মধ্যে ভয়ঙ্কর বার্তা দিচ্ছে চিন, আরও ভয়ঙ্কর ভাবে আসতে পারে প্রলয়ঙ্করী জল। আবার ও চালাতে পারে বিরাট ধ্বংসযজ্ঞ। তিব্বত-চিন সীমান্তে উপচে পড়ছে ব্যারিয়ার লেক। ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে যেতে পারে বাঁধ। সতর্ক করল চিন।
চিন সতর্ক করে বলেছে, ব্যারিয়ার লেকে গত ২৭ আগস্ট সকালে প্রায় ২ মিলিয়ন ঘনমিটার জল জমেছিল। ইতিমধ্যেই লেকের জল উপচে পড়ছে। আগামী তিন দিনে আরও প্রায় ৩ মিলিয়ন ঘনমিটার জল ওই লেকে ঢুকতে পারে। ফলে বাঁধ ভেঙে আচমকা জল নেমে আসার ঝুঁকি রয়েছে। দ্বিতীয় দফায় বিশাল জলরাশি ধেয়ে আসতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পর্বত গবেষণা সংস্থা আইসিআইএমওডি এবং নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। হাই অ্যালার্ট জারি করেছে চিনও।

