India & World UpdatesHappeningsBreaking News

নেপালের দুর্যোগে নিখোঁজ প্রায় ৩০০ ভারতীয়, উদ্ধার ৮৪ জন

ওয়েটুবরাক, ২৭ আগস্ট: নেপালের রসুয়া জেলায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে মানস সরোবর তীর্থযাত্রী ও বিদ্যুৎ প্রকল্পের কর্মীসহ ২৯০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এখন পর্যন্ত ৮৪ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। নেপাল প্রশাসনের সঙ্গে যৌথভাবে আটকে পড়া ভারতীয়দের অবস্থান চিহ্নিত করা ও যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। মূল বিপর্যয় অঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ার কারণে প্রকৃত তথ্য ও যোগাযোগ তৈরিতে চরম সমস্যা দেখা দিয়েছে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, নিখোঁজ ২৯০ জনের মধ্যে ত্রিশূলী ১ পাওয়ার প্রজেক্টে কর্মরত ৭৩ জন ভারতীয় শ্রমিক রয়েছেন। তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস প্রজেক্ট প্রধানের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে। এ ছাড়া তামিলনাড়ুর দুটি আলাদা দলে যথাক্রমে ৩৭ ও ৪৯ জন ভারতীয়, পশ্চিমবঙ্গের ৩২ জনের একটি দল, কেরালার ৩৩ জন এবং রিচা ট্যুরসের মাধ্যমে যাওয়া বিভিন্ন রাজ্যের ৬১ জন ভারতীয়ের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ থেকে যাওয়া দলটি ঘটনার সময় রসুয়ার তিমুরে এলাকায় অবস্থান করছিল। তবে বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ থাকা মানেই তাঁরা নিখোঁজ বা আহত এমনটি নয়, যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কেবল তাঁদের সন্ধান মেলেনি।

উদ্ধার ও ত্রাণকাজের মধ্যেই তামিলনাড়ুর ২১ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাঁদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস এবং নেপালে ভারতের রাষ্ট্রদূত উদ্ধার হওয়া নাগরিকদের সঙ্গে কথা বলেছেন ও পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই ২১ জনকে প্রথমে কাঠমান্ডুতে আনা হবে এবং পরবর্তীতে ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। বিদেশ মন্ত্রকের এক্স হ্যান্ডেলে তাঁদের নাম প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে ফোনে কথা বলে গভীর সমবেদনা জানান। তিনি এই বিপদের দিনে নেপালের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সব ধরনের মানবিক সহায়তার আশ্বাস দেন। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় মিশন ও নেপাল প্রশাসন যৌথভাবে বাকি ভারতীয়দের নিরাপদে খুঁজে বের করতে নিরবচ্ছিন্ন কাজ চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker