Barak UpdatesHappeningsBreaking News

হাইকোর্ট বেঞ্চের দাবিতে সুস্মিতা দেবের ভূমিকার প্রশংসা, সাক্ষাৎ করল বাস্তবায়ন কমিটি

ওয়েটুবরাক, ১৪ আগস্ট: বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দীর্ঘদিনের দাবিকে আরও জোরদার করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা গ্রহণ করায় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে ধন্যবাদ ও সম্মাননা জানাল ‘গৌহাটি হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি’র কাছাড় জেলা কমিটি।

শুক্রবার কমিটির জেলা শাখার এক প্রতিনিধিদল সুস্মিতা  দেবের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। সে সময় তাঁকে উত্তরীয় পরিয়ে, শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। কমিটির পক্ষ থেকে প্রস্তুত করা ‘ভিশন ডকুমেন্ট’-ও তাঁর হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে তাঁর সাম্প্রতিক উদ্যোগ ও সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কমিটির প্রতিনিধিরা।

উল্লেখ্য, বরাক উপত্যকার যে কোনও উপযুক্ত স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে সম্প্রতি সুস্মিতা দেব কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় তিনি এই দাবির পক্ষে একটি স্মারকলিপিও তুলে দেন এবং বিষয়টির গুরুত্ব তুলে ধরে জোরালোভাবে তদ্বির করেন। পরবর্তীতে তিনি রাজ্যসভাতেও বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের বিষয়টি উত্থাপন করেন। তাঁর এই ধারাবাহিক উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে কমিটির পক্ষ থেকে তাঁকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় সুস্মিতা দেব বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের এই দাবির প্রতি তাঁর সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, আগামী দিনে তিনি রাজ্য সরকারের কাছেও এই দাবি জোরালোভাবে উত্থাপন করবেন। পাশাপাশি দাবি আদায়ের লক্ষ্যে শীঘ্রই দিসপুরে গিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করারও আশ্বাস দেন।

প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, বরাক উপত্যকা থেকে গৌহাটি হাইকোর্টে মামলা পরিচালনা করতে গিয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীদের দীর্ঘ যাতায়াত, সময় ও আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে হয়। ভৌগোলিক দূরত্ব এবং যোগাযোগ ব্যবস্থার বিষয়টিও বিচারপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ফলে বরাক উপত্যকার মানুষের ন্যায়বিচারের অধিকারকে আরও সহজলভ্য ও কার্যকর করার স্বার্থে এই অঞ্চলে হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছে।

কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই দাবি কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নয়; বরং এটি বরাক উপত্যকার সাধারণ মানুষ, আইনজীবী সমাজ এবং বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের একটি গণদাবি। সেই দাবিকে সাংবিধানিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কমিটি বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করছে।

এদিনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন গৌহাটি হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির কাছাড় জেলা কমিটির সভাপতি ধ্রুব কুমার সাহা, দুই সহ-সভাপতি শান্তনু নায়েক ও অধ্যাপক বিভাস দেব, কোষাধ্যক্ষ জ্যোতির্ময় নাথ এবং কার্যকরী সদস্য আইনজীবী ধর্মানন্দ দেব।

সুস্মিতা দেবের সঙ্গে এই সাক্ষাৎকে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বলে অভিহিত করেছে কমিটির কাছাড় জেলা শাখা। কমিটির আশা, কেন্দ্রীয় আইন মন্ত্রকের পাশাপাশি রাজ্য সরকারের কাছেও বিষয়টি জোরালোভাবে উত্থাপিত হলে বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবির ক্ষেত্রে নতুন গতি সৃষ্টি হবে।

বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের এই দাবিকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারের কাছেই ধারাবাহিকভাবে দাবি জানানোর পাশাপাশি বিভিন্ন স্তরে জনমত গড়ে তোলার কর্মসূচিও অব্যাহত থাকবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker