Barak UpdatesHappeningsBreaking News
যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল লক্ষীপুর, দুই কনস্টেবল সাসপেন্ড

ওয়ে টু বরাক, ১৬ জুন : পুলিশের ভয়ে চিরি নদীতে তলিয়ে যাওয়া মোহিত কানুর মৃতদেহ উদ্ধারের পরই সোমবার উত্তাল হয়ে উঠল লক্ষীপুর। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ উঠেছে, পুলিশ অযথা ভয় দেখানোয় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দিতে হয়েছে মোহিতকে।
ঘটনা রবিবারের। চিরি নদীর পারে অন্য ছয় বন্ধুর সঙ্গে অবসর সময় কাটাচ্ছিলেন মোহিত। তারা মোবাইলে গেম খেলায় ব্যস্ত ছিলেন। ওই সময় সেখানে পুলিশ হানা দেয়। এমনকি তাদের ধাওয়াও করে। পুলিশ থেকে অন্যরা এ দিক ওদিক পালিয়ে গেলেও মোহিত জলে ঝাঁপ দেন। প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। ঘটনার ২৪ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার হলে ক্ষোভে ফেটে পড়েন লক্ষীপুরের মানুষ।
এদিকে চিরি নদীতে ভেসে ওঠা লাশ উদ্ধার করেন স্থানীয় যুবকেরা। সে সময় পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ নিজেদের হেফাজতে নিতে গেলে তারা প্রতিবাদ করেন। কিন্তু পুলিশ জোর করে লাশ নিয়ে এলে থানার সামনে ক্ষুব্ধ জনতার ভিড় উপচে পড়ে। তারা জানতে চান, কার নির্দেশে পুলিশ এভাবে বন্দুক তাক করে ভয় দেখিয়েছে। ভিড় সামাল দিতে হিমশিম খায় পুলিশ বাহিনী।
পরে লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রাই ডিজিপি সহ কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। এমনকি মৃতের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। পরে মৃতদেহ ময়নাতদন্ত করে নিয়ে আসার পর ফের উত্তেজিত জনতা ফুলেরতলে সড়ক অবরোধ করেন। তাদের একটাই দাবি, অভিযুক্ত সব পুলিশ কর্মীকে শাস্তি দিতে হবে। এ ঘটনা নিয়ে গভীর রাত পর্যন্ত উত্তেজনা ছিল লক্ষীপুরে।


