Barak UpdatesHappeningsBreaking News
আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে শিলচরে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি

ওয়েটুবরাক, ১১ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে ভারতীয় শুল্ক বিভাগ, কাস্টমস কমিশনারেট, কলকাতা ও উত্তর-পূর্বাঞ্চল, শিলং-এর উদ্যোগে শিলচরের বড়াইল ভিউ রিজেন্সিতে এক মাদকবিরোধী সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ও র্যামন ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত তথা কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের সঞ্চালক ডা. রবি কান্নান। তিনি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তির মারাত্মক শারীরিক, মানসিক ও সামাজিক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন।
ডা. কান্নান এই ক্রমবর্ধমান মাদক সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপ এবং সম্মিলিত সামাজিক দায়িত্বের উপর গুরুত্বারোপ করেন। কলকাতা থেকে আগত কাস্টমসের প্রধান কমিশনার বিনায়ক আজাদও মূল্যবান বক্তৃতা করেন। তিনি মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. জয়ন্ত কুর্মি ও ডা. আনজুমান চৌধুরী, স্বাস্থ্য দফতরের প্রতিনিধি অনুপ কুমার দত্ত ও গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দন পাল চৌধুরী। উপস্থিত ছিলেন কাস্টমস বিভাগের অন্যান্য আধিকারিকরাও। তাঁরা বলেন, “সতর্কতা ও অঙ্গীকারের মাধ্যমে সমাজ রক্ষায় কাস্টমস” — এই মূল ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচি ভারতীয় শুল্ক বিভাগের সমাজ সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মধ্যে দায়িত্বশীল ও সুস্থ জীবনধারা গড়ে তোলার প্রতিশ্রুতিকে পুনরায় দৃঢ়ভাবে তুলে ধরল। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বিতভাবে কাজ করে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

এই কর্মসূচিতে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এনএসএস ও এনসিসি শাখার সদস্যদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এনসিসি ক্যাডেটরা কাস্টমস বিভাগ আয়োজিত একটি বাইক র্যালি এবং পথ র্যালিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। র্যালির মাধ্যমে অবৈধ মাদক পাচার রোধে কাস্টমসের অগ্রণী ভূমিকা তুলে ধরা হয়।



