Barak UpdatesHappeningsBreaking News
৭০ জনকে প্রশিক্ষণ দিয়ে শংসাপত্র তুলে দিল পোদ্দার প্রগতি ফাউন্ডেশন
৮১ বছর বয়সে কম্পিউটার শিখেছেন শশীকান্ত!

ওয়েটুবরাক, ২৫ ডিসেম্বর: আত্মপ্রকাশের মাত্র চারমাসে দুটি কোর্সে ৭০জনকে প্রশিক্ষণ দিয়ে শংসাপত্র দেওয়া! এটাই সম্ভব করে তুলেছে পোদ্দার প্রগতি ফাউন্ডেশন। বৃহস্পতিবার ১০১-তম বাজপেয়ী জন্মজয়ন্তীতে তাদের হাতে আনুষ্ঠানিক ভাবে শংসাপত্র তুলে দেন আরএসএসের বরিষ্ঠ প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালে, কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা এবিভিপির প্রাক্তন প্রদেশ সহ-সভাপতি রতন দাস, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এন্ট্রাপ্রেনারশিপ সেলের কো-অর্ডিনেটর জয়দীপ ভট্টাচার্য, সেবা ভারতীর দক্ষিণ অসম প্রান্তের সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য প্রমুখ। পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের প্রাণপুরুষ তথা প্রতিষ্ঠাতা বিবেক পোদ্দার জানান, গত আগস্টে ফাউন্ডেশনের জন্ম হয়। এর পরেই তারা কম্পিউটারের বেসিক কোর্স এবং বিউটিশিয়ান কোর্সে প্রশিক্ষণ প্রদান শুরু করেন। বলতে গেলে, বিনা মাশুলেই কোর্স দুটি করানো হয়। শুধু শুরুতে একশো টাকা দিতে হয় রেজিস্ট্রেশন ফি। বিবেকবাবুর ফাউন্ডেশন একশো টাকা রেজিস্ট্রেশন ফি-তে এখন ট্যালি কোর্সও করাতে চলেছে। জানুয়ারিতে এর ভর্তি প্রক্রিয়া শুরু হবে। রতন দাস বলেন, এটিই বিবেক পোদ্দারের সামাজিক সেবা, এটিই তাঁর প্রতিষ্ঠান সমূহের সিএসআর।
শশীকান্ত চৌথাইওয়ালে বলেন, শিক্ষণ বা প্রশিক্ষণে বয়স কোনও সমস্যা নয়। তিনি ৮১ বছর বয়সে কম্পিউটার চালানো, ডিটিপি করা শিখেছেন। কেবল শিখেনইনি, ‘আমার প্রচারক যাত্রা’ বইটি তিনি নিজে ডিটিপি করেছেন।
জয়দীপ ভট্টাচার্যের কথায়, অ্যাকাডেমিক সার্টিফিকেট নয়, স্কিলগুলিই জীবন গঠনে সহায়তা করে। শুভ্রাংশু শেখর ভট্টাচার্যও দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ দিন গণেশ বন্দনায় অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে ভারতমাতা ও অটলবিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বৃহস্পতিবার ছিল তুলসী পূজন দিবসও। তাই পোদ্দার প্রগতি ফাউন্ডেশন অতিথিদের হাতে তুলসী গাছের চারা উপহার হিসেবে তুলে দেয়।



