Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে ড. এপিজে আব্দুল কালামের ৯৪ তম জন্মবার্ষিকী উদযাপনে স্কলারশিপ টেস্ট

ওয়েটুবরাক, ৮ অক্টোবর: প্রাক্তন রাষ্ট্রপতি ও পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক ড. এপিজে আব্দুল কালামের ৯৪-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিলচরের ড. কালাম ইনস্টিটিউট এবং লিও ক্লাব শিলচর সেন্ট্রালের যৌথ উদ্যোগে আগামী ২৬শে অক্টোবর রবিবার কাছাড় কলেজে স্কুলপড়ুয়াদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে। লিও ক্লাবের সভাপতি স্মিথ শর্মা বলেন, এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে “কালাম এপটিটিউড কাম স্কলারশিপ টেস্ট”। তাঁর কথায়, “এই উপত্যকা মেধায় ভরপুর, প্রয়োজন বিষয়টিকে নিয়ে সকলের ভাবার, প্রয়োজন সম্মিলিত প্রয়াসের এবং সময়ে সময়ে খুঁজে বের করে অল্প একটু পরিচর্যা করা। প্রয়োজন সেই সব পড়ুয়াদেরকে উৎসাহিত করে সঠিক দিকনির্দেশনা করা। তাহলেই ড. এপিজে আব্দুল কালামের সপ্নের ভারত আমরা তৈরি করতে পারবো।”
ড. কালাম ইনস্টিটিউটের কর্ণধার সব্যসাচী দাস ও সুপ্রতীক রায় জানান, পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করতে পারবে। ক্লাবের ডাইরেক্টর সৌম্যজিৎ ধর বলেন যে গণিত ও বিজ্ঞান বিষয় নিয়ে মূলত স্কুল সিলেবাসের উপর শুধুমাত্র ইংরেজি ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হবে। সকল অংশগ্রহণকারী পড়ুয়াদেরকে শংসাপত্র, উপহার সামগ্রী ছাড়াও পরবর্তীকালে উত্তীর্ণ সকল মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কার সহ নগদ অর্থ দিয়েও উৎসাহিত করা হবে। নাম নথিভুক্ত করতে হবে 9957435959, 9957376603, 8011293163 বা 9864952131 ফোন নাম্বারে। উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করেও নিজ নিজ নাম নথিভুক্ত করা যাবে।



