India & World UpdatesHappeningsBreaking News
ভাগবতের সঙ্গে বৈঠক, বসুন্ধরাই কি বিজেপির শীর্ষপদে?

ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর: ‘মোদি বিরোধী’ বসুন্ধরা রাজের সঙ্গে মোহন ভাগবতের রুদ্ধদ্বার বৈঠকের পর নয়া জল্পনা, তাহলে কি বসুন্ধরাই বিজেপির পরবর্তী সভাপতি?
বিজেপির ইতিহাসে এর আগে কোনও মহিলা সর্বভারতীয় সভাপতি হননি। তাই সঙ্ঘ এবং দল এবার কোনও মহিলাকে ওই পদে বসানোর কথা ভাবছে, এমনই জল্পনা চলছে। এক বিশেষ সূত্রে জানা গেছে, আর এস এস মনে করছে, মহিলা সভাপতি হলে মহিলা ভোটারদেরও একাত্মতার বার্তা দেওয়া যাবে। সেকারণেই কোনও মহিলাকে দলের শীর্ষপদে বসানোর কথা ভাবা হচ্ছে।
রাজস্থানে বিজেপি ক্ষমতায় ফিরতেই বসুন্ধরা রাজে সিন্ধিয়া মুখ্যমন্ত্রী হবেন বলে নিশ্চিত ছিলেন। কিন্তু এসব ভাবনায় জল ঢালেন মোদি-শাহ। সকলকে বিস্মিত করে ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করা হয়। এর পরেই প্রত্যক্ষ রাজনীতি থেকে কার্যত সরে দাঁড়ান বসুন্ধরা। বৃহস্পতিবার ভাগবত রাজ্যে যেতেই সক্রিয় হলেন বসুন্ধরা। একান্তে ভাগবতের সঙ্গে বৈঠক করেন। তাঁদের মধ্যে প্রায় কুড়ি মিনিট একান্তে কথা হয়। বৈঠকে কী আলোচনা হয় তা জানা যায়নি। এই বৈঠকের পর গেরুয়া শিবিরে নয়া মোড় আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
শুক্রবার থেকে রাজস্থানের যোধপুরে শুরু হয়েছে আর এস এস-এর সমন্বয় বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে যোধপুরে এসেছেন সঙ্ঘের শীর্ষ নেতারা।



