India & World UpdatesHappeningsBreaking News

২৮৬ দিন পরে পৃথিবীতে সুনীতা-বুচ

ওয়েটুবরাক, ১৯ মার্চঃ ২৮৬ দিন পরে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের সঙ্গে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ। বুধবার ভারতীয় সময় ভোর ৩টা ২৭ মিনিটে ফ্লোরিডার গাল্ফ অফ মেক্সিকোয় সফলভাবে অবতরণ করে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনীতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে নাসা।

স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুল ‘ফ্রিডম’ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রায় ৩,০০০ ডিগ্রি ফারেনহাইট তীব্র তাপমাত্রা সহ্য করে প্যারাশুট খুলতে সক্ষম হয়। বুধবার ভোর ৩টা ২৭ মিনিটে ফ্লোরিডার তালাহাসির কাছে উপকূলে অবতরণ করে। তাঁদের আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌ সেনা বাহিনীর বোট। ক্যাপসুলের হ্যাচ খুলে মহাকাশচারীদের বাইরে বার করা হয়। প্রথমে বেরিয়ে আসেন নিক হগ। তারপর বেরিয়ে আসেন সুনীতা। ক্যাপসুল থেকে বেরিয়ে আসার সময় সুনীতা হাত নাড়তে থাকেন সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে।

হোয়াইট হাউস মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের নিরাপদ অবতরণের প্রশংসা করেছে। এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি রাখার কথা মনে করিয়ে দিয়েছে। নিজেদের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে হোয়াইট হাউস জানিয়েছে, ”প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতিশ্রুতি পালন করা হয়েছে: প্রেসিডেন্ট ট্রাম্প নয় মাস ধরে মহাকাশে আটকে থাকা মহাকাশচারীদের উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ, তাঁরা নিরাপদে আমেরিকা উপসাগরে অবতরণ করেছেন। ইলন মাস্ক, স্পেসএক্স এবং নাসা-কে ধন্যবাদ।”

সুনিতা এবং বুচ সহ ক্রু ৯-এর সকলকে হেলিকপ্টারে করে হিউস্টনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁরা এক বা দুই দিনের মধ্যে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন। দীর্ঘ মহাকাশে থাকার ফলে শারীরিক প্রতিকূলতা থেকে সেরে ওঠার জন্য তাঁদের নাসার তত্ত্বাবধানে ৪৫ দিন কাটাতে হবে।

বুধবার ভোরে সুনীতার জন্মস্থান রাজস্থানে ঝুলাসনের বাসিন্দারা আরতি ও প্রার্থনা করে পৃথিবীতে তাঁর নিরাপদ প্রত্যাবর্তন উদযাপন করেছেন। ড্রাগন মহাকাশযানের সফল স্প্ল্যাশডাউনের পর উদযাপন শুরু হয়, যা সুনীতা-সহ ক্রু ৯-এর সদস্য বুচ উইলমোর, নিক হেগ এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভকে পৃথিবীতে ফিরিয়ে এনেছে।

গত বছর জুন মাসে মাত্র আট দিনের অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ গিয়েছিলেন সুনীতা এবং বুচ। কিন্তু বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশেই আটকে পড়েন দুই মহাকাশচারী। এরপর বেশ কয়েকবার চেষ্টা করেছিল আমেরিকার মহাকাশ সংস্থা নাসা। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। অবশেষে স্পেসএক্সের মহাকাশযান ড্রাগনে চেপে পৃথিবীতে ফিরলেন সুনীতা-সহ চারজন মহাকাশচারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker