Barak UpdatesHappeningsBreaking News
জম্মু-কাশ্মীরে হিন্দু নিধন যজ্ঞের প্রতিবাদ আনটিয়ার

ওয়ে টু বরাক, ২৩ এপ্রিল : জম্মু-কাশ্মীরের বৈসরন উপত্যকায় মঙ্গলবার সংঘটিত হিন্দু নিধন যজ্ঞের প্রতিবাদে গর্জে উঠল আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থা। বুধবার বিশ্ববিদ্যালয়ের রাজা রামমোহন রায় প্রশাসনিক ভবনের সামনে এ নিয়ে আনটিয়ার পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়। এতে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, রেজিস্ট্রার ড. প্রদোষকিরণ নাথ, ফিনান্স অফিসার ড. শুভদীপ ধর, সিডিসি ডিরেক্টর জয়ন্ত ভট্টাচার্য সহ আনটিয়ার সদস্যরা উপস্থিত থেকে গতকালের পহেলগাঁওয়ে হিন্দু নিধনের তীব্র নিন্দা জানান।

সহকারী সাধারণ সম্পাদক কিশোরকান্তি পালের পরিচালনায় আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও বক্তব্য রাখেন আনটিয়া সভাপতি সাগ্নিক চৌধুরী, আইন বিভাগের অধ্যাপক মধুমিতা ধর সরকার প্রমুখ। বক্তারা এই হত্যাকাণ্ডের পেছনে বিদেশি শক্তির হাত থাকার সম্ভাবনার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। উপাচার্য অধ্যাপক পন্থ এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সবাইকে সরব হওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গক্রমে তিনি ডোকলামের ঘটনার কথা উল্লেখ করে চিনের পিছু হটার কাহিনিও বর্ণনা করেন। পাশাপাশি আত্মরক্ষার জন্য সবাইকে সংঘবদ্ধ হওয়ার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা প্রকাশ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলেও আশা ব্যক্ত করেন। অন্য বক্তারাও কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান।

সেইসঙ্গে আনটিয়ার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, অতিসত্বর এ ব্যাপারে জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। শেষে নিহতদের আত্মার চিরশান্তি কামনায় দু’মিনিট নীরবতা পালন করা হয়।



