Barak UpdatesHappeningsBreaking News
দীপায়নের তহবিলে কাছাড় কলেজে স্মার্ট ক্লাশ, উদ্বোধন করলেন কণাদ

ওয়েটুবরাক, ২৮ অক্টোবর: আজ মঙ্গলবার কাছাড় কলেজে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে একটি স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন হয়। রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ ফিতা কেটে এই কক্ষের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের দাবিকে মান্যতা দিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই স্মার্ট ক্লাস রুমের জন্য একটি ডিজিটাল স্মার্ট বোর্ডেরও ব্যবস্থা করে দেন। প্রযুক্তি নির্ভর নতুন শিক্ষা ব্যবস্থায় এই ডিজিটাল বোর্ডটি খুব উপযোগী এবং আগামী নভেম্বর মাসের সাত ও আট তারিখে কাছাড় কলেজে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সেমিনারে এটি খুবই উপযোগী হবে বলে সবাই মত প্রকাশ করেন।
উল্লেখ্য, বিধায়ক চক্রবর্তী এই কাছাড় কলেজেরই প্রাক্তনী এবং আগামী সেমিনারের কথা শুনে নিজে থেকে উদ্যোগ নিয়ে একটি কক্ষের পুনঃনবীকরণের যাবতীয় ব্যবস্থাসহ একটি ডিজিটাল বোর্ডেরও ব্যবস্থা করে দেন।

এই উপলক্ষকে কেন্দ্র করে আয়োজিত এদিনের সভায় সভাপতিত্ব করেন কাছাড় কলেজের পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক ড. পার্থঙ্কর চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। এই কলেজের প্রাক্তনী হিসবে তাঁর দায়বদ্ধতার কথা স্মরণ করে কলেজের উন্নয়নমূলক যে কোনও প্রস্তাব তাঁর নিকট জমা দিলে তিনি তা বাস্তবায়ন করবেন বলে তাঁর বক্তব্যে প্রতিশ্রুতি দেন।
কলেজ পরিচালন সমিতির সদস্য অধ্যাপক অনুপ কুমার দে তাঁর বক্তব্যে বিধায়কের এই গঠনমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার কীভাবে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, তার একটি সংক্ষিপ্ত পরিচয় তাঁর বক্তব্যে তুলে ধরেন এবং ভবিষ্যতেও কাছাড় কলেজের স্বার্থে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী তাঁর বক্তব্যে কাছাড় কলেজ পরিচালনায় বিধায়কের সহযোগিতা ও সাহায্যের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ তাঁর স্বাগত বক্তব্যে বিধায়কের এই বদান্যতার জন্য গোটা কাছাড় কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আশা প্রকাশ করেন দুই সাংসদ এবং বিধায়কের হাত ধরে কাছাড় কলেজ অচিরেই উন্নতির শিখর স্পর্শ করবে। অধ্যক্ষ তাঁর বক্তব্যে কলেজ পরিচালনায় বিধায়ক, পরিচালন সমিতির সভাপতি সহ সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অফিসকর্মী সকলের আন্তরিক সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে এটাও জানান যে কলেজের ভারপ্রাপ্ত প্রধান সহযোগী বিশ্বজিত যাদবের দানকৃত এক লক্ষ টাকার অর্থরাশি দিয়েই এই কক্ষের চেয়ার এবং টেবিলের ব্যবস্থা করা হয়েছে।
উক্ত সভায় শিক্ষক-শিক্ষিকা, অফিসকর্মী, ছাত্র-ছাত্রী, বিশিষ্ট নাগরিক, সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন কাছাড় কলেজ পরিচালন সমিতির সদস্য অধ্যাপক পরাগ শীল, সাংবাদিক প্রণবানন্দ দাস ও অভিজিত রায় । এছাড়াও উপস্থিত ছিলেন শিলচর মহিলা কলেজ পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব চৌধুরী, নেহেরু কলেজ পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক ড. চন্দন দে, প্রণবানন্দ বিদ্যামন্দিরের উপাধ্যক্ষ শতদল ভট্টাচার্য প্রমুখ। আজকের এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অধ্যাপিকা নবরূপা ধর এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক বিরূপাক্ষ পাল চৌধুরী।



