India & World UpdatesHappeningsBreaking News
দিনে অধিবেশন চালিয়ে রাতেই ইস্তফা জগদীপ ধনখড়ের

ওয়েটুবরাক, ২১ জুলাইঃ স্বাস্থ্যের কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পদত্যাগপত্র পাঠিয়ে এ কথাই বললেন তিনি।
সোমবার কণাদ পুরকায়স্থকে রাজ্যসভার সদস্য হিসেবে মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। উল্লেখ করেন তাঁর পিতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের কথা। রাজ্যসভায় অধ্যক্ষ হিসাবে অধিবেশনও পরিচালনা করেন। আর রাতেই ইস্তফা।
পদত্যাগের কারণ হিসেবে নিজের স্বাস্থ্যের কথা উল্লেখ করলেও এ নিয়ে নানা ধরনের কানাঘুষো চলছে। বিশেষ করে, বাদল অধিবেশনের প্রথম দিনেই তাঁর এমন সিদ্ধান্ত বিস্ময়কর ঠেকছে অনেকের কাছে।
৭৪ বছর বয়সি বিশিষ্ট আইনজীবী ধনখড় অবশ্য চিঠিতে লিখেছেন, নিজের স্বাস্থ্যে নজর দেওয়ার জন্যই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন তিনি। মঙ্গলবার থেকেই আর দায়িত্বে থাকছেন না তিনি।
দায়িত্বে থাকাকালীন কীভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য মন্ত্রীদের সমর্থন পেয়েছেন, সে কথাও চিঠিতে উল্লেখ করেছেন ধনখড়। তিনি লিখেছেন, ‘যে আন্তরিকতা পেয়েছি, যেভাবে আমার উপর আস্থা রাখা হয়েছে, তা আমার সারাজীবন মনে থাকবে।’
তিনি চিঠিতে লেখেন, ‘সকল মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে আমি যে উষ্ণতা, আস্থা এবং স্নেহ পেয়েছি তা সর্বদা আমার স্মৃতিতে লালিত থাকবে এবং গেঁথে থাকবে। আমাদের মহান গণতন্ত্রে উপরাষ্ট্রপতি হিসেবে আমি যে অমূল্য অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি অর্জন করেছি তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। এই গুরুত্বপূর্ণ সময়কালে ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করা এবং তাতে অংশ নেওয়া একটি সৌভাগ্য এবং তৃপ্তির বিষয়। আমাদের জাতির ইতিহাসের এই রূপান্তরমূলক যুগে সেবা করা সত্যিই সম্মানের।’
২০২২ সালের আগস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়। তিনি তখন ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।



