Barak UpdatesHappeningsBreaking News
লায়লাপুরে সড়ক দুর্ঘটনায় হত আরএসএস কর্মী অপু দাস, এলাকায় শোক

ওয়েটুবরাক, ৪ অক্টোবর: বুধবার নবমীর রাতে ধলাইর লায়লাপুর অঞ্চলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ৫০-এর তরতাজা যুবক অন্নদা শঙ্কর দাস (অপু) । ধলাই সমষ্টির ফ্রেঞ্চনগর গ্রামের বাসিন্দা অনিল চন্দ্র দাসের পুত্র অপুর অকালপ্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার রাত অনুমানিক সাড়ে নয়টার সময় শিলচর-আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কের লায়লাপুর অঞ্চলে শিলচরে আসা দ্রুতগতির বলেরো পিকআপ গাড়ি বাইক আরোহী অপু দাসকে সামনাসামনি সজোরে ধাক্কা মারে এবং চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়েন অপু এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনা সংঘটিত হওয়ার খবর পেয়ে ধলাই পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রয়াত অন্নদা শঙ্কর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দীর্ঘ দিনের স্বয়ংসেবক হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। ব্যক্তিগত জীবনে স্টার ব্রিক্স ইন্ডাস্ট্রিজের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বৃহস্পতিবার সকাল থেকেই অন্নদা শঙ্করের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে এসে ভিড় জমান বহু আত্মীয়স্বজন, স্থানীয় জনসাধারণ সহ অনেক শুভানুধ্যায়ী । ছুটে আসেন বিজেপির কাছাড় জেলা কমিটির কার্য্যনির্বাহক সদস্য অমিয় কান্তি দাশ, বিজেপি কর্মকর্তা তথা হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাশ, কংগ্রেস নেতা ডাঃ অনুপ কুমার রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস, চান্নিঘাট জিপির প্রাক্তন সভাপতি রাজীব উদ্দিন লস্কর, চান্নিঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি দিলীপ কুমার রায় ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি সুদীপ বিশ্বাস, গ্রুপ সদস্যা জয়শ্রী রায়, বিধূমতি রায় ও নজির উদ্দিন লস্কর, সমাজকর্মী কমলেশ দাশ প্রমুখ। শোক প্রকাশ করেছেন ধলাইর বিধায়ক নীহার রঞ্জন দাস, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত সভাপতি আইনজীবী শান্তনু নায়েক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ কাছাড় জিলা কার্য্যবাহ অসীম বিশ্বাস, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা সম্পাদক আইনজীবী রজত শীল, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক আইনজীবী সুভাষ নাথ প্রমুখ । তারা প্রয়াতের আত্মার সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য মৃত্যুকালে তিনি রেখে গেছেন পিতা-মাতা, স্ত্রী, এক পুত্র, এক কন্যা, দুই ভাই, দুই বোন সহ অসংখ্য গুণমুগ্ধ।



