Barak UpdatesAnalyticsBreaking News
৭ এপ্রিল সন্ধ্যা থেকে ৯ এপ্রিল মদ বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা হাইলাকান্দিতে

ওয়ে টু বরাক, ২ এপ্রিল ঃ হাইলাকান্দি জেলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আগামী ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, ভোটগ্রহণ ও ভোটগণনা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলাজুড়ে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে।
জেলা শাসক অভিষেক জৈনের স্বাক্ষরিত নির্দেশ অনুযায়ী, ৭ এপ্রিল সন্ধ্যা ৫টা থেকে ৯ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত জেলার সর্বত্র মদ বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান মদ্যপান, বিক্রি বা বিতরণ করতে পারবে না। নির্দেশে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলার সমস্ত
পাইকারি মদের গুদাম, ভারতীয় নির্মিত বিদেশি মদের (আইএমএফএল) খুচরো দোকান, ‘অন’ ও ‘অফ’ লাইসেন্সপ্রাপ্ত দোকান, হোটেল, ক্লাব এবং দেশি মদের দোকান সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। এই নিষেধাজ্ঞা আগামী ৪ মে ভোট গণনার দিনে গণনা শেষ না হওয়া পর্যন্তও বলবৎ থাকবে।
একইসঙ্গে বেআইনিভাবে মদ সংরক্ষণ বা বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, নির্বাচন চলাকালীন আইন-শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ এবং অসম আবগারি আইনের অধীনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, আবগারি বিভাগ এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে এই নির্দেশ কার্যকর করতে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।


