Barak UpdatesAnalyticsSports
২৬ জুলাই ভেটেরন ক্লাবের বর্ষসেরা সম্মান, সেরা ক্রিকেটার ঋত্বিক-উর্মিলা

ওয়ে টু বরাক, ২৫ জুলাই : শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাব অর্থাৎ এসভিসিসি এ বছরও বর্ষসেরা ক্রীড়াবিদদের সম্মান জানাবে। শহরের বড়াইল হোমস-এ আগামী ২৬ জুলাই এই অনুষ্ঠান হবে। ক্লাবের নবম বছরের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী কৌশিক রাই। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন শিলচর ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, অসম ক্রিকেট সংস্থার অ্যাপেক্স কাউন্সিল মেম্বার শৈবাল সেনগুপ্ত প্রমুখ।
এ বছর বর্ষসেরা পুরুষ ও প্রতিশ্রুতিবান ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ঋত্বিক ধর। রাজ্যের সেরা ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অসম প্রিমিয়ার ক্লাব কাপের সেরা বোলার ছিলেন শিলচরের বাঁহাতি স্পিনার। মহিলা বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন উর্মিলা চ্যাটার্জি এবং মেয়েদের প্রতিশ্রুতিমান খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন ৮ বছর বয়সি মঙ্গলা সিংহ। এ বছর নুরুদ্দিন ট্রফি সিনিয়র আন্তঃজেলা ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন ঋতুরাজ বিশ্বাস। মনোজিৎ দাস পাচ্ছেন স্পেশ্যাল অ্যাওয়ার্ড।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভেটেরন ক্লাবের সভাপতি ডাঃ সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য বলেন, এই ক্লাব প্রতিষ্ঠার মূলে রয়েছে ক্রিকেট ও ক্রিকেটারদের সহায়তা করা, আর সেই ধারা বজায় রেখে কাজ করে যাচ্ছেন প্রত্যেক সদস্য। ক্লাবের বিভিন্ন পদক্ষেপ নিয়েও এ দিন কথা বলেন সভাপতি। ক্লাব সচিব দীপঙ্কর দেব পুরস্কার প্রাপকদের তালিকা তুলে ধরেন। তিনি জানান, এ বছর মোট পাঁচজন ক্রীড়া সংগঠককে সম্মান জানানো হবে। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাবেন হেমরঞ্জন দাস, বিকাশ শ্যাম, ড. অনুপ কুমার রায়, সুজয় দত্তরায় এবং মন্টু শুক্লবৈদ্য। ক্রিকেটে বিশেষ অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দিয়ে সম্মানিত করা হবে রাজু দাসকে।’
এ বারের বর্ষসেরা অনুষ্ঠানে প্রথমবার থাকছে বর্ষসেরা দাবাড়ুর পুরস্কার। এই সম্মান পাচ্ছেন অভ্রজ্যোতি নাথ। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাবেন স্যামপাও রংমাই। বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়ের পুরস্কার দিবিজা পালকে ও বর্ষসেরা ব্যাডমিন্টন প্লেয়ারের পুরস্কার সুরজ গোয়ালাকে দেওয়া হবে। । এছাড়াও অনূর্ধ্ব ১৩ ইয়ুথ ফুটবলে রাজ্য সেরা লেনরুল এফসিকে বিশেষ সম্মান জানানো হবে।


