Barak UpdatesHappeningsBreaking News

২৫ সেপ্টেম্বর থেকে তিনদিনের সঙ্গীত কর্মশালা স্মাইল-বরাক ভয়েসের

৮ সেপ্টেম্বর হাজার কণ্ঠে ভূপেন হাজরিকা

ওয়েটুবরাক, ৩১ আগস্ট: রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতির ওপর তিন দিনের সঙ্গীত কর্মশালার আয়োজন করছে স্মাইল এনজিও এবং বরাক ভয়েস। রবিবার এক সাংবাদিক সম্মেলনে স্মাইলের সহ-সভাপতি তথা বরাক ভয়েসের সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত জানান, আগামী ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে তিন দিনের এই সঙ্গীত কর্মশালা। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে কর্মশালা। কলকাতার ড. অলোক রায় চৌধুরী এবং তানিয়া পাল এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন। আগামী ২৭ সেপ্টেম্বর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে কর্মশালার সমাপনী অনুষ্ঠান।

নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং এই দুই সঙ্গীতধারা সম্পর্কে তাঁদের যথাযথ জ্ঞান ও প্রশিক্ষণের সুযোগ করে দেওয়াই কর্মশালার মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, কিংবদন্তি শিল্পী ও সুরকার ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানেরও আয়োজন করেছে স্মাইল ও বরাক ভয়েস। আগামী ৮ সেপ্টেম্বর শিলচর ডন বস্কো স্কুলে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ভূপেন হাজরিকার গান নিয়ে সমবেত সঙ্গীত পরিবেশনা। এক হাজার কণ্ঠ একসঙ্গে ভূপেন হাজরিকার গান পরিবেশন করে এই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানাবে।

আয়োজকদের বক্তব্য, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং ভূপেন হাজরিকার কালজয়ী সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মকে আরও নিবিড়ভাবে যুক্ত করাই তাঁদের মূল লক্ষ্য। সংগীতচর্চার মধ্য দিয়ে সাংস্কৃতিক ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশাবাদী আয়োজকরা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্তা দেব চৌধুরী, পার্থসারথি দাস, মহুয়া দত্ত রায়, নবারুণ ভট্টাচার্য-সহ অন্যান্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker