India & World UpdatesHappeningsBreaking News
১৭০০ বেআইনি কলোনিকে আইনি স্বীকৃতি পাবে, দিল্লিতে ভোটের প্রতিশ্রুতি শাহের

ওয়েটুবরাক, ২৬ জানুয়ারি: দিল্লি দখলে মরিয়া আপ, কংগ্রেস, বিজেপি। তিন দলই প্রতিদিন নতুন নতুন প্রতিশ্রুতির ঝোলা নিয়ে হাজির হচ্ছে।
বিজেপির নয়া প্রতিশ্রুতি, ভোটে জিতলে যমুনা নদী পরিষ্কার হবে তিন বছরের মধ্যে। দিল্লির চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দশ লক্ষ টাকার বিমা হবে।
বিজেপির নতুন ‘সংকল্পপত্রে’ রয়েছে বেআইনি কলোনির কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, “বিজেপি যদি ভোটে জিতে ক্ষমতায় আসে তবে ১৭০০ বেআইনি কলোনিকে আইনি স্বীকৃতি দেবে।” পাশাপাশি, দিল্লির চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ‘ওয়েলফেয়ার বোর্ড’ গঠন করা হবে। তাঁদের জন্য ১০ লক্ষ টাকার বিমার ব্যবস্থাও করা হবে। তিন বছরে পরিষ্কার হবে যমুনা। দিল্লিতেও চালু হবে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প।
নির্বাচনী ইস্তাহারে বিজেপি আগেই জানিয়েছিল, দিল্লিতে ক্ষমতায় এলে তারা ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ চালু করে প্রতি মহিলাদের মাসে ২৫০০ টাকা সাম্মানিক দেবে। পাশাপাশি, ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেবে।
বিজেপির নির্বাচনী ইস্তাহারে রয়েছে দোল এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়ার অঙ্গীকারও।



