Barak UpdatesHappeningsBreaking News
স্থানান্তরের পর শিলচর সেন্ট্রাল জেলের জায়গায় স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দীপায়নের

ওয়েটুবরাক, ৩০ নভেম্বর: শিলচর থেকে সেন্ট্রাল জেল সরিয়ে নেওয়ার পর বর্তমান জায়গাটিতে একটি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী৷ বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার এক লিখিত প্রশ্নের জবাবের পর শনিবার বিধানসভার অধিবেশনে এ নিয়ে বেশ কিছু্ক্ষণ প্রশ্নোত্তর চলে৷ তখনই কারামন্ত্রী রূপেশ গোয়ালা শিলচর সেন্ট্রাল জেল স্থানান্তরের সিদ্ধান্ত পাকা করার কথা জানান৷ তিনি বলেন, শিলচর সেন্ট্রাল জেল সরিয়ে নেওয়া হচ্ছে৷ নতুন জেল নির্মাণের জন্য ডিপিআর তৈরি করা হয়েছে৷ শীঘ্রই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে৷
ওই প্রেক্ষিতেই শাসকদলের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানতে চান, স্থানান্তরিত হলে বর্তমানে যেখানে সেন্ট্রাল জেল, সেই জায়গায় কী হবে? রূপেশ বলেন, এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও৷ তখনই শিলচরের শাসকদলীয় বিধায়ক স্টেডিয়াম নির্মাণের পরামর্শ দেন৷ তিনি বলেন, শিলচরে জেলা ক্রীড়া সংস্থার একটি স্টেডিয়াম আছে বটে, কিন্তু তা চাহিদা মেটাতে পারছে না৷
দেবব্রত শইকিয়ার মূল প্রশ্নের উত্তরে মন্ত্রী গোয়ালা লিখিতভাবে জানিয়েছেন, অসমের কারাগার সমূহে মোট ১১,৩৭২ জনের থাকার ব্যবস্থা রয়েছে৷ বর্তমানে আছেন ১১,২৪১জন৷ মহিলা বন্দিদের জন্যও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে৷ গুয়াহাটি কারাগারে ১০০ জনের থাকার সংস্থান রয়েছে, এই সময়ে আছে ৭৩ জন৷ কোনও কারাগারে বন্দিদের সঙ্গে যৌন আতিশয্যের কোনও ঘটনা ঘটেনি বলেই মন্ত্রী জানিয়েছেন৷
ভারত সরকারের “সাপোর্ট টু পোর প্রিজনার্স” প্রকল্পে যে সহায়তা করা হচ্ছে, এরও বিবরণ দেন৷ তিনি জানান, এই প্রকল্পে অসমে মোট ২২ জন বিচারাধীন বন্দি এবং একজন অপরাধীকে ২,৮৩,০০০ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷ প্রিজন রিফর্ম অনুসারে কারাগারগুলিতে আধুনিক স্নানঘর, রান্নাঘর, ঘুমনোর জন্য মেট্রেসের ব্যবস্থা করা হয়েছে৷ অসম দক্ষতা বিকাশ অভিযানে বন্দিদের দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে৷ এ ছাড়াও, বিভিন্ন জেলে গিয়ে বন্দিদের হাতের কাজ শেখায় বিভিন্ন এনজিও৷


