Barak UpdatesHappeningsBreaking News
সাংসদ হয়ে নিজের শহরে পা রাখলেন কণাদ পুরকায়স্থ

ওয়ে টু বরাক, ১৪ জুন : রাজ্যসভার সাংসদ হয়ে নিজের শহরে ফিরে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন কণাদ পুরকায়স্থ। শনিবারই তিনি দুপুরের বিমানে গুয়াহাটি থেকে কুম্ভীরগ্রামে পা রাখেন। বিমানবন্দরেই নতুন সাংসদকে অভিনন্দন জানাতে দলের কর্মী ও সমর্থকরা হাজির ছিলেন। এরপর হুডখোলা জিপে দলের কর্মকর্তাদের সঙ্গে শিলচরে আসেন সাংসদ। শহরে প্রবেশের আগে মহাসড়ক জিরো পয়েন্টে থাকা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এরপর সেখান থেকে তিনি আসেন সোজা শিলচর শিলংপট্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তির সামনে। নরসিংটোলা পয়েন্টে গাড়ি ছেড়ে দিয়ে সেখান থেকে পায়ে হেঁটে হাজির হন মূর্তির সামনে। দলের স্থপতিকে শ্রদ্ধা জানান পুষ্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এই সময়ে সাংসদের সঙ্গে ছিলেন বিধায়ক নীহার কান্তি দাস, বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, রমাপদ ভট্টাচার্য, শশাঙ্ক শেখর ধর, বাসুদেব শর্মা প্রমুখ।
এরপর সাংসদ সেখান থেকে পায়ে হেঁটে যান গান্ধীবাগের শহিদ স্মৃতিসৌধে। জেলা সভাপতি, ধলাইর বিধায়ক ও অন্য কয়েকজনকে সঙ্গে নিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে সাংসদ অভিন্দনের জোয়ারে ভেসে যান জেলা বিজেপি কার্যালয়ে। প্রচুর সংখ্যক দলীয় নেতা-কর্মীরা সেখানেও সাংসদ পুরকায়স্থকে শুভেচ্ছা জানিয়েছেন।


