Barak UpdatesHappenings
সম্মিলিত লোক পরিষদের আগমনী ২৩ সেপ্টেম্বর, শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা

ওয়ে টু বরাক, ২১ সেপ্টেম্বর : বরাক উপত্যকার লোক সংস্কৃতি চর্চা বিষয়ক সংগঠন সম্মিলিত লোক পরিষদ আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় শিলচর সংগীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে উমা আইলা নাইওরে’ শীর্ষক আগমনী অনুষ্ঠানে নৃত্য-গীতের মাধ্যমে দেবীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে।
সম্মিলিত লোক পরিষদের সভাপতি ড. অনুপ কুমার রায় জানান, মূলতঃ লোক সংস্কৃতির সংরক্ষণ, প্রচার ও প্রসারে কাজ করছে তাদের সংগঠন। ফলে এই আগমনী অনুষ্ঠানটিও লোক আঙ্গিকেই পরিবেশন করতে চান তারা। অনুষ্ঠানে যে সঙ্গীতালেখ্য পরিবেশিত হবে তা লিখেছেন এতোদঞ্চলের বিশিষ্ট লোকশিল্পী, গীতিকার ও সুরকার মনোরঞ্জন মালাকার। তিনি জানান, আগমনী অনুষ্ঠানের সূচনা করবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সঙ্ঘের স্বামী বৈকুন্ঠানন্দজি মহারাজ।
সাধারণ সম্পাদক মনোরঞ্জন মালাকার বলেন, আগমনী অনুষ্ঠানকে ঘিরে বিগত কিছুদিন ধরে চলছে জোরদার রিহার্সেল, তাছাড়াও সার্বিকভাবে অনুষ্ঠানকে সফল করে তুলতে তৎপর রয়েছেন সংস্থার কর্মকর্তারা। তিনি আগমনী অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য আপামর লোক সংস্কৃতিপ্রেমী জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন। এ দিকে রবিবার সংস্থার সভাপতির রাধামাধব রোডের বাসভবনে আয়োজিত রিহার্সেল অনুষ্ঠানে অসমের কিংবদন্তি সংগীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়। তার আকষ্মিক প্রয়াণে অসম সহ গোটা দেশে সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেন লোক পরিষদের।


