Barak UpdatesHappeningsBreaking News
সদরঘাটে সন্ধ্যা ৬টার পরে মূর্তি বিসর্জনে নিষেধাজ্ঞা, প্রথম দিনে বিশেষ ছাড়
ওয়েটুবরাক, ১৮ আগস্ট:– শিলচর শহরের সদরঘাট বিসর্জন ঘাটে সোমবার মূর্তি বিসর্জনের নিয়মে এক দিনের জন্য বিশেষ ছাড় ঘোষণা করল শিলচর পৌর নিগম কর্তৃপক্ষ। পৌর কর্তৃপক্ষের তরফে রবিবার জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ ছিল, সোমবার থেকে শহরের সব বিসর্জন প্রক্রিয়া সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। এর পর আর কোনও অবস্থাতেই মূর্তি বিসর্জন করার অনুমতি থাকবে না। কিন্তু সোমবার পরিস্থিতি বিবেচনা করে এবং কিছু পূজা কমিটির অনুরোধের প্রেক্ষিতে শিলচর পৌর নিগম শুধুমাত্র এ দিনের জন্য নিয়মে ব্যতিক্রমী ছাড় দিয়েছে। এর ফলে আজ সন্ধ্যার পরও সদরঘাট বিসর্জন ঘাটে পূজা কমিটিগুলি তাদের মূর্তি বিসর্জন করতে পারছে।
পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের জন্য এই বিশেষ অনুমতি দেওয়া হলেও আগামীকাল মঙ্গলবার থেকে নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। সকল পূজা মণ্ডপকে অবশ্যই সন্ধ্যা ৬টার মধ্যেই বিসর্জন প্রক্রিয়া শেষ করতে হবে। শহরের শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সূত্রের খবর, সোমবার সন্ধ্যার আগেই বহু পূজা কমিটি বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করলেও কিছু পূজা কমিটি বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন দিতে পারেনি। এতে নাগরিকদের সমস্যার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাতেও অসুবিধা সৃষ্টি হচ্ছিল। তাই জনসুবিধা মাথায় রেখেই পৌর নিগম বাধ্য হয়ে এক দিনের জন্য নিয়মে নমনীয়তা আনে।
এদিকে, আগামীকাল থেকে যাতে কোনও রকম বিশৃঙ্খলা বা অনিয়ম না ঘটে, তার জন্য ইতিমধ্যেই শিলচর পৌর নিগম ও জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় বিসর্জন ঘাটে বাড়তি নজরদারি এবং ট্রাফিক নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
নিগম কর্তৃপক্ষ সকল পূজা কমিটিকে নির্দেশ দিয়েছে, মঙ্গলবার থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মূর্তি বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।



