Barak UpdatesHappenings
শিলচর লিংক রোডে দুটি লেনে রাস্তার উদ্বোধন দীপায়নের

ওয়ে টু বরাক, ৩০ জুন : শিলচর লিংক রোডের ১১নং লেনের নবনির্মিত রাস্তার উদ্বোধন করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী পকী পথ ২৯ লক্ষ টাকা পেয়ে নির্মিত নির্মাণ প্রকল্পের অধীনে ৩৮১ মিটার সিসি ব্লক সহ দুটি গার্ডওয়াল দেওয়া রাস্তাটির উদ্বোধন করেন বিধায়ক।
লিংক রোড ১১ নম্বর লেন উন্নয়ন কমিটির সভাপতি সিদ্ধার্থ দেবরায়ের পৌরোহিত্যে আয়োজিত এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভায় বিধায়ক বলেন, শিলচর শহরকে জমা জলের নাগপাশ থেকে মুক্ত করতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে জোরকদমে কাজ চলছে। আগামী মার্চ মাসের মধ্যে লিংক রোড ও সোনাই রোডের জমা জল সমস্যার প্রায় ৮০ শতাংশ সমাধান হয়ে যাবে। পাশাপাশি তিনি আগের কংগ্রেস সরকারের সমালোচনাও করেন।
এ দিনের সভায় বিজেপির নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাস বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের তথ্য পেশ করেন। এছাড়াও এদিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির সম্পাদক নিখিল দাস। অন্যদের মধ্যে শিলচর পূর্ত বিভাগের এসডিও সাহাবুদ্দিন মজুমদার, এসও অজয় পাল এবং উন্নয়ন কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিধায়ক এ দিন লিংক রোড ১৫নং লেনে ৪৫.৪১ লক্ষ টাকা ব্যয়ে আরও একটি রাস্তার উদ্বোধন করেছেন।



