Barak UpdatesHappeningsBreaking News
শিলচর লায়ন্সের ২৯ ক্লাবের যৌথ মেগা ফিট দ্য হাংগার সার্ভিস

ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট লায়ন্স ইন্টারন্যাশনালের কাছাড় জেলার ২৯টি ক্লাবের যৌথ উদ্যোগে শিলচরে এক ‘মেগা ফিড দ্য হাংগার প্রোজেক্ট’-এর আয়োজন করা হয়। মালুগ্রামের উদয়ন সংঘের মাঠে এদিন দুপুরে দরিদ্র সীমার নীচে বসবাস করা আট শতাধিক জনগণকে মধ্যাহ্ন আহারে আপ্যায়িত করেন লায়ন সদস্যরা।
মাঠের পার্শ্ববর্তী রাধারমন গোস্বামী বিদ্যালয়ে এদিন ভোরবষ থেকেই রান্নার আয়োজন করা হয় এবং সেখান থেকে মাঠের পাশে সারিবদ্ধভাবে লায়ন্স সদস্যরা তাদের আহার গ্রহণের ব্যবস্থা করেন। সমগ্র এলাকায় জনগণের মধ্যে আগেরদিনই কুপন বন্টন করা হয়। সম্পূর্ণ এই সেবামূলক প্রকল্পের ব্যয়ভার গ্রহণ করেন শিলচরের লায়ন সদস্যরাই।
এদিন এই সেবামূলক প্রকল্পে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি র অন্যতম কর্মকর্তা তথা লায়ন্স ক্লাব অব গৌহাটি কামরূপার প্রাক্তন সভাপতি সুজিৎ বাখরেডিয়া।তিনি অন্য এক লায়ন্স অনুষ্ঠানের অতিথি হিসেবে শিলচর আসার সুবাদে এই সেবামূলক আয়োজনেও অংশ নেন। এদিন আহার পর্ব শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজিৎ বাখরেডিয়া তাঁর বক্তব্যে বলেন, যৌথভাবে শিলচরের লায়ন সদস্যরা এই বিশালাকার আহার সেবন কর্মসূচি আয়োজন করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।আগামীতেও জনস্বার্থে এমন প্রকল্প চালু রাখার আহ্বান জানান তিনি। স্বাগত বক্তব্যে উদ্দেশ্য ব্যাখ্যা করেন সব্যসাচী রুদ্র গুপ্ত।

সুজিৎ বাখরেডিয়া প্রত্যেক অংশগ্রহণকারী লায়ন্স ক্লাব নেতৃত্ব ও কিছু সহযোগী লায়ন সদস্যদের লায়ন্স পিন পরিয়ে স্বীকৃতি দেন।এই স্বীকৃতি পর্বটি পরিচালনা করেন লায়ন তাপস সাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন অনুপ দত্ত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুমিত দাস, অরিন্দম ভট্টাচার্য, ডা.মণিকা দেব, শুভ্রা ভট্টাচার্য, পার্থ আদিত্য, মৌসুমী চৌধুরী, অভিষেক চক্রবর্তী প্রমুখ।এদিনের উদয়ন সংঘের মাঠে এই বৃহৎ সেবা প্রকল্প আয়োজনের ব্যবস্থাপনায় বিশেষ দায়িত্বে ছিলেন সঞ্জীব রায়।
লায়ন্স ক্লাবের মেগা ফিড দ্য হাংগার সার্ভিসে যৌথভাবে অংশগ্রহণকারী ক্লাবগুলো ছিলো লায়ন্স ক্লাব অব শিলচর অনন্ত, শিলচর বিজয়, শিলচর ব্রাইট, শিলচর কেয়ার, শিলচর সেন্ট্রাল, শিলচর সেঞ্চুরিয়ন, শিলচর সিটি, শিলচর ডায়েনেমিক, শিলচর ডিভাইন, শিলচর এলিট, শিলচর এক্সেলেন্স, শিলচর গেলেক্সি, শিলচর গুঞ্জ, শিলচর গ্রেটার, শিলচর হিউমিনিটি, লক্ষীপুর, শিলচর লায়নেস, শিলচর প্রিমিয়ার, শিলচর রয়ালস, শিলচর স্কলার, শিলচর সিগনেচার, শিলচর সোলস, শিলচর স্মাইল, উধারবন্দ, শিলচর ভ্যালি, শিলচর ভ্যালি ভিউ, শিলচর ভিশন ও শিলচর ইয়ুথ।


