Barak UpdatesHappenings

শিলচর যোগ নিকেতনের বার্ষিক অনুষ্ঠান ও যোগ সম্মেলনে সুস্থ থাকার বার্তা

ওয়ে টু বরাক, ২২ এপ্রিল : শিলচর উইমেন্স কলেজের ভগিনী নিবেদিতা প্রেক্ষাগৃহে শিলচর যোগ নিকেতনের বার্ষিক অনুষ্ঠান ও যোগ সম্মেলন সাড়ম্বরে পালিত হয়। রবিবার সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ কুমার কান্তি দাস (লক্ষণ দাস)। এছাড়া বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ বাবলু বণিক, ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য, যোগ নিকেতনের সভাপতি আইনজীবী শেখর পাল চৌধুরী, গুয়াহাটির ঈশান যোগ রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ড. হীরেন সরকার, লেডিজ গ্রুপ মহিলা সমিতির সভানেত্রী রীতা দাস, শাশ্বতী ভট্টাচার্য, বিকাশ সারদা, গোপাল কান্তি রায়, পূর্ণেন্দু দাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যোগ নিকেতনের সম্পাদক পিংকু রঞ্জন পাল।

প্রদীপ প্রজ্জ্বলনের পর সমবেত সঙ্গীত পরিবেশন করেন যোগ নিকেতনের মহিলা সদস্যরা। স্বাগত বক্তব্য রাখেন যোগ নিকেতনের সম্পাদক পিংকু রঞ্জন পাল। একক নৃত্য পরিবেশন করে সৃজনী দেব। এ দিন শিলচর যোগ নিকেতনের ছাত্রছাত্রীদের যোগাসন প্রদর্শন ছিল নজরকাড়া।  শিশুরা রিদমিক যোগা প্রদর্শন করে। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে অত্তোত্তমা নাথ। যোগনৃত্য প্রদর্শন করে মধুমিতা রায়।

এ দিনের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় তুলাপট্টির ‘আমাদের অভিযান’ এনজিও এবং অম্বিকাপট্টির লেডিজ গ্রুপ মহিলা সমিতিকে। এছাড়াও জ্ঞানদা আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নির্দেশক শাশ্বর্তী ভট্টাচার্য, উদ্যোগ সংস্থার সভাপতি গোপাল কান্তি রায়, ঈশান যোগ রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ড. হীরেন সরকার সহ সমাজসেবী তথা রক্তদান আন্দোলনের একনিষ্ঠ কর্মী হিসেবে সুজয় নাথকে সংবর্ধনা জানানো হয়। যোগ শিক্ষকদের মধ্যে সম্মান জানানো হয় সঞ্জু নাথ, ভাস্বতী পাল, পিংকি মোহন্ত ও প্রবাল রায়কে।

এ দিনের অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই বর্তমান সময়ে যোগ-এর প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন, যোগব্যায়াম অভ্যাসে একজন মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে। ডাঃ লক্ষণ দাস ও ডা. বাবলু বনিক বলেন, ছোটবেলা থেকে যদি কোনও শিশু যোগব্যায়াম অভ্যাস করে তবে তার মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তন আসবেই। এদিন নিবেদিতা প্রেক্ষাগৃহে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গুয়াহাটির ঈশান যোগ রিসার্চ ফাউন্ডেশনের স্বীকৃতিপ্রাপ্ত শিলচর যোগ নিকেতনের ছাত্রছাত্রীদের এ বছরের যোগাসনের পরীক্ষার সার্টিফিকেটও প্রদান করা হয়। ঈশান যোগ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ দিন যোগ প্রশিক্ষক পিংকু রঞ্জন পালকে সম্মাননা জানান ড. হীরেন সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন যোগ নিকেতনের সভাপতি আইনজীবী শেখর পাল চৌধুরী। পরিশেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, এই যোগ সম্মেলন উপলক্ষে এ দিন সকাল ৭-৩০ মিনিট থেকে তুলাপট্টির নরসিংহ অ্যাপার্টমেন্টে শিলচর যোগ নিকেতন ও ‘আমাদের অভিযান’ এনজিও’র যৌথ ব্যবস্থাপনায় এক যোগ শিবির অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন গুয়াহাটির যোগ ও প্রাকৃতিক চিকিৎসা বিশেষজ্ঞ ড. হীরেন সরকার ও শিলচরের যোগ প্রশিক্ষক পিংকু রঞ্জন পাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker