Barak UpdatesAnalyticsBreaking News

শিলচর কংগ্রেসে ফের ভাঙন, পদত্যাগ জেলা সাধারণ সম্পাদক শৈবাল দত্তের

ওয়ে টু বরাক, ১৯ সেপ্টেম্বর : শিলচর পুরনিগমের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাই এবং দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ সহ দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন শহর কংগ্রেস সভাপতি শৈবাল দত্ত। ১৯ সেপ্টেম্বর, শনিবার শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি অবিলম্বে পদত্যাগের কথা জানিয়েছেন।

পদত্যাগপত্রে শৈবাল দত্ত অভিযোগ করেন, গত পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে দলীয় মনোনয়ন বণ্টনের সময় শিলচর জেলা কংগ্রেস কমিটির কর্মকাণ্ড নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর দাবি, কংগ্রেস কার্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড শুধু দলকে ক্ষতির মুখে ফেলেনি, নির্বাচনে দলকে বড় ধরনের ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে।

আসন্ন শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি দলীয় কার্যালয়ে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনারও উল্লেখ করেছেন তিনি। তাঁর অভিযোগ, ওই ঘটনা সাধারণ মানুষ এবং দলের কর্মীদের কাছে অত্যন্ত নেতিবাচক বার্তা দিয়েছে। এর ফলে দলের মর্যাদা ও শৃঙ্খলা ক্ষুণ্ণ হয়েছে এবং কর্মীদের মধ্যে দলের হয়ে কাজ করার উৎসাহ ও আস্থা কমেছে বলে দাবি করেন তিনি।

পদত্যাগপত্রে শৈবাল দত্ত আরও অভিযোগ করেন, কংগ্রেস নেতৃত্ব প্রয়াত প্রবীণ রাজনৈতিক নেতা সন্তোষ মোহন দেবের দীর্ঘদিনের অবদানকে যথাযথ মর্যাদা দেয়নি। তাঁর মতে, সন্তোষ মোহন দেবের দলের প্রতি দৃঢ় সমর্থন ও সহযোগিতা এবং ব্যক্তি পর্যায়ে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে আর নিজেকে যুক্ত রাখা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে বলে উল্লেখ করে শৈবাল দত্ত প্রাথমিক সদস্যপদ  সহ দলের সমস্ত পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। তাঁর পদত্যাগের ফলে পুরনিগম নির্বাচনকে সামনে রেখে শিলচর কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker