Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে বিজেপির টিকিট চেয়ে আবেদন করলেন ৮ জন

ওয়েটুবরাক, ৩০ ডিসেম্বর: শিলচর বিধানসভা আসনে বিজেপির টিকিট চেয়ে এ পর্যন্ত মোট ৮জন আবেদন জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপকুমার পালও। মঙ্গলবার তিনি বিজেপির জেলা সভাপতি রূপম সাহার কাছে তাঁর আবেদন পত্র জমা করেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন দিলীপবাবুর মতোই পুরসভার সদস্য হিসেবে বিশেষ পরিচিতি লাভ করা অভ্রজিৎ চক্রবর্তী ও গোপাল কান্তি রায়। দুজনেই বর্তমানে দলের জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারী। অভ্রজিৎ ওরফে ঝলক সহ-সভাপতি, গোপাল কান্তি সাধারণ সম্পাদক। জোরালো দাবিদার বিজেপির ট্রেড সেলের প্রদেশ সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দারও। গত সপ্তাহেই রাজ্য পর্যায়ে বিভিন্ন সেল গঠনের সময়ে বিবেক পোদ্দারকে ট্রেড সেলে নেতৃত্ব প্রদান করা হয়। তিনিও মঙ্গলবার শিলচরের বিধায়ক হওয়ার জন্য বাসনা ব্যক্ত করে আবেদন পত্র পেশ করেছেন।
এ দিন মোট পাঁচটি আবেদন জমা পড়ে জেলা সভাপতি রূপম সাহার কাছে। আগে জমা দিয়েছেন তিনজন। তাঁরা হলেন একসময়ের যুব মোর্চার তুখোড় নেতা তীর্থঙ্কর দেবরায়, দলের লিগ্যাল সেলে দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকা অমরেন্দ্র পাল, প্রচারের দায়িত্বে থাকা দেবাশিস সোম। দেবাশিস কিছুদিনের জন্য শিলচর পুরসভার সরকার মনোনীত সদস্যও ছিলেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থারও সহ-সম্পাদক তিনি।
কাছাড় জেলার সব আসনেই একাধিক আবেদন জমা পড়েছে। একমাত্র ব্যতিক্রম লক্ষীপুর। সেখানে বর্তমান বিধায়ক তথা মন্ত্রীকে বাদ দিয়ে তাঁকে টিকিট দেওয়ার কথা কেউ বলেননি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভার টিকিট চেয়ে আবেদন করার জন্য দলের কোনও নির্দেশিকা জারি হয়নি। সোমবার রাতেই জেলা সভাপতিকে ২৪ ঘণ্টার মধ্যে আবেদন পত্র সংগ্রহ করে প্রদেশ কমিটির কাছে পাঠাতে বলা হয়। এর পরেই জেলা সভাপতি সম্ভাব্য দাবিদারদের ফোন করে এ দিনই আবেদন করতে বলেন। বর্তমান বিধায়কদের অবশ্য আবেদনের প্রয়োজন নেই। এ ছাড়াও, পরবর্তী সময়ে প্রদেশ পর্যায়েও সরাসরি কেউ আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে।



