Barak UpdatesAnalyticsCultureBreaking News

শিলচরে বাংলা সাহিত্য সভার পূর্ণাঙ্গ অধিবেশন ২১-২৩ জানুয়ারি

ওয়ে টু বরাক, ১৮ জানুয়ারি : বাংলা সাহিত্য সভা অসম-এর দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন এ বার বরাক উপত্যকার শিলচরে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ থেকে ২৩ জানুয়ারি তিনব্যাপী এই সম্মেলনের প্রস্তুতি তুঙ্গে। সম্মেলন হবে শিলচরের গান্ধীভবন ও গান্ধীবাগে। অভ্যর্থনা সমিতির উদ্যোগে কাজ অনেকটাই এগিয়ে গেছে। অভ্যর্থনা সমিতির মূল আহ্বায়ক হচ্ছেন বিজয়কৃষ্ণ নাথ, সভাপতি নীহাররঞ্জন পাল, কার্যকরী সভাপতি শতদল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সন্দীপন দত্ত পুরকায়স্থ, কোষাধ্যক্ষ অনিমেষ দে প্রমুখ কর্মকর্তারা দিনরাত সম্মেলনকে সফল করে তুলতে প্রয়াস জারি রেখেছেন।

২১ জানুয়ারি সকালে গান্ধীবাগের ভাষাসেনানী মন্দিরে শ্রদ্ধা জানিয়ে ১১টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই সূচনা পর্বেই বাংলা সাহিত্য সভার তরফে ‘অসম-বান্ধব’ উপাধি প্রদান করা হবে বর্ষীয়ান রাজনীতিবিদ সমাজকর্মী ও শিক্ষাবিদ কবীন্দ্র পুরকায়স্থকে। পরিবারের পক্ষে এই উপাধি গ্রহণ করবেন তাঁর ছেলে কণাদ পুরকায়স্থ। এই সূচনাপর্বে মুখ্য অতিথি হিসেবে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত থাকবেন। বিশিষ্ট অতিথি হিসেবে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন দফতরের অধ্যক্ষ শিলাদিত্য দেব, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, অসম সাহিত্য সভার প্রধান সম্পাদক দেবজিৎ বরা, ডিব্রুগড়ের মেয়র তথা বাংলা সাহিত্য সভার অন্যতম উপদেষ্টা ডাঃ সৈকত পাত্র প্রমুখ। এছাড়া থাকবেন অভ্যর্থনা সমিতির আহ্বায়ক বিজয়কৃষ্ণ নাথ, বাংলা সাহিত্য সভার রাজ্য সভাপতি খগেনচন্দ্র দাস, অভ্যর্থনা সমিতির সভাপতি নীহাররঞ্জন পাল, সভার রাজ্য সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী প্রমুখ।

এ দিন দ্বিতীয় পর্বে থাকবে পরিচয়পর্ব ও মতবিনিময়। বিকেল ৪টায় কবি সম্মেলন। ৫টা থেকে গ্রন্থ উন্মোচন ও শিক্ষাসত্র। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাহিত্য সভা ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিদের মিলনমেলা থাকবে। সন্ধ্যার পর হবে গুণিজন সংবর্ধনা। এতে হাইলাকান্দি থেকে প্রকাশিত ‘সাহিত্য’ পত্রিকার সম্পাদক শিখা ভট্টাচার্যকে সম্মাননা প্রদান করা হবে। এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে রয়েছেন সভার সাংস্কৃতিক সম্পাদক লোকশিল্পী বিক্রমজিৎ বাউলিয়া। এ দিন লোকসংগীত পরিবেশন করবেন গুয়াহাটি থেকে আমন্ত্রিত লোকসংগীত শিল্পী সুমিতা পাল। থাকছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠানও।

২২ জানুয়ারি বুধবার সকাল ৭-৩০টা থেকে প্রভাতফেরি তথা সাংস্কৃতিক শোভাযাত্রা। সকাল ১০টা থেকে সাংগঠনিক সভা, পুরাতন সমিতি ভঙ্গ ও নতুন রাজ্য সমিতি গঠন। বেলা ১২টায় আলোচনা সভা ও প্রস্তাব গ্রহণ। আলোচনার বিষয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও আমাদের করণীয়। সঞ্চালক অধ্যাপক নিরঞ্জন রায়। আলোচক গৌরাঙ্গ রায় ও অসিত চক্রবর্তী। দুপুর ২-৩০ থেকে সাংবাদিক-সংবর্ধনা। ৩-৩০টায় মৈত্রী-সম্মাননা প্রদান। এ বছর এটি প্রদান করা হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান জয়িতা দাসকে।

বিকেল ৪টা থেকে আবৃত্তি ও কবিতা পাঠের অনুষ্ঠান। এ দিন বিকেল ৫টা থেকে সম্মেলনের মূল আলোচনা সভা। বিষয়, ‘বরাক- ব্রহ্মপুত্র : ঐতিহাসিক প্রেক্ষাপট; সম্পর্কের নানা দিক ও নৈকট্যের সন্ধান’। এই আলোচনাসভার উদ্বোধক হিসেবে থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী। সঞ্চালনা করবেন যশস্বী অধ্যাপক-গবেষক প্রফেসর উযারঞ্জন ভট্টাচার্য। আলোচক হিসেবে থাকবেন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অসম প্রকাশন পরিষদের সচিব প্রমোদ কলিতা এবং ‘অসম গৌরব’ লেখক-গবেষক সৌম্যদীপ দত্ত। বরাক উপত্যকা থেকে থাকবেন ড. অমলেন্দু ভট্টাচার্য। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৩ জানুয়ারি, বৃহস্পতিবারের অনুষ্ঠানের স্থান জিসি কলেজ প্রেক্ষাগৃহ। এ দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড আয়োজিত নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস উপলক্ষে পরাক্রম দিবস উদযাপনটি শিলচরে এ বার বাংলা সাহিত্য সভার সহযোগিতায় অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বসে আঁকো ও আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা। এরপর মূল সভা সকাল ১১টায়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজ্যের মন্ত্রী কৌশিক রাই।

গান্ধীভবনে ৩টা থেকে সমাপনী অনুষ্ঠান। এই পর্বেও মুখ্য অতিথি মন্ত্রী কৌশিক রাই। বিশিষ্ট অতিথি রূপে থাকবেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শ্রীভূমির সাংসদ কৃপানাথ মালা, রাজ্যসভার সাংসদ মিশনরঞ্জন দাস, প্রাগজ্যোতিষপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য সভার সভাপতি প্রফেসর স্মৃতিকুমার সিনহা, ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রমুখ। সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker