Barak UpdatesHappeningsBreaking News
শহর শিলচরে চুরি, একরাতেই গ্রেফতার ৩৮ চোর

ওয়ে টু বরাক, ৩০ জুলাই : শিলচর শহরের বিভিন্ন স্থানে হানা দিয়ে ৩৮ জন চোরকে আটক করলো কাছাড় পুলিশ। সেই সঙ্গে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এইসব সামগ্রির মধ্যে রয়েছে, মোটরসাইকেল, স্বর্ণালংকার, জলের মোটর, টিভি, প্রেসার কুকার, বাসনপত্র, বৈদ্যুতিক তার, ব্যাটারি ইত্যাদি।

কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানিয়েছেন, গত কয়েকদিন থেকেই শহরের বাসিন্দারা তাঁর কাছে একাধিক চুরির অভিযোগ জানিয়েছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তৎপর হয়। মাহাত্তা জানান, শহরের এই চুরি কান্ডের জট খুলতে পুলিশ পাঁচটি অভিযানকারী দল গঠন করেছিল। এই দলগুলো গত সোমবার রাতে বিভিন্ন সূত্রের খবরের ভিত্তিতে একাধিক স্থানে তল্লাশি চালায়। আর এতেই ৩৮ জন চোরকে আটক করা সম্ভব হয়েছে। তিনি জানান, গ্রেফতার হওয়া এই চোরদের মধ্যে বেশ কয়েকজন নেশাসক্ত রয়েছে।
এদিকে মঙ্গলবার এই চোরদের শিলচর সদর থানায় হাজির করানো হয়। সেখান থেকে তাদের জেলে পাঠানো হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতার হওয়া চোরদের মধ্যে কয়েকজন মাছুঘাট, দুধপাতিল, মালিনীবিল, শরতপল্লি, ঘনিয়ালা ইয়াদি এলাকার বাসিন্দা। কয়েকজন আবার কাটিগড়া, জালালপুর, শ্রীকোনা, পাথারকান্দি ও বিহারের বাসিন্দা। এদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্যের সন্ধান পেয়েছে পুলিশ।


