Barak UpdatesHappeningsBreaking News

রুকনি পশ্চিম জিপিতে স্কুল ভবন ও ছটপূজা ঘাটের শিলান্যাস করলেন বিধায়ক নীহার

ওয়ে টু বরাক, ২ ডিসেম্বর : মঙ্গলবার ধলাই কেন্দ্রের পালংঘাট ব্লক এলাকার রুকনি পশ্চিম গাঁও পঞ্চায়েতে দুটি সরকারি প্রকল্পের শিলান্যাস করেন ধলাইর বিধায়ক নীহার রঞ্জন দাস। শিলান্যাস করা প্রকল্প দুটি হচ্ছে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা ২০২৪-২০২৫ (পি.এম.সি.এস.পি.ওয়াই) প্রকল্পের অধীনে রুকনি চা বাগান নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উন্নীতকরণের লক্ষ্যে ৩৫.২৮ লক্ষ টাকার মঞ্জুরীকৃত অর্থে স্কুল বিল্ডিং নির্মাণ ও রাখালটিলায় আনটাইড ফান্ড থেকে ৫ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে ছটপূজা ঘাটের শিলান্যাস।

এ দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহার রঞ্জন দাস বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার কেন্দ্র ও রাজ্যে রয়েছে বলেই ধলাইতে রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করে আগামীদিনে তাঁর পদাঙ্ক অনুসরণ করে ধলাইর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

তিনি বলেন, পঞ্চায়েতে আমাদের প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে জিপির ছোট ছোট যেসব সমস্যা রয়েছে সেগুলি সমাধান করার প্রয়াস থাকবে আমাদের। বিধায়ক আরও বলেন বর্তমান সরকার চা শ্রমিকদের উন্নয়ন নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। চা শ্রমিকদের জন্য ভূমির পাট্টা প্রদান সহ জমির মালিকানা প্রদানের জন্য বিধানসভায় বিল পাশ  করেছে বর্তমান সরকার। চা শ্রমিকদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য স্কুল গৃহ নির্মাণ থেকে শুরু করে চা বাগান এলাকায় অত্যাধুনিক নাচঘর নির্মাণ, ‘একটি কলি দুটি পাতা’ প্রকল্পের অধীনে চা শ্রমিকদের আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা হাতে নিয়েছে হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন অসম সরকার, মন্তব্য ধলাইর বিধায়ক নীহারের।

উল্লেখ্য, এ দিনের শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি পালংঘাট মন্ডল সভাপতি অপূর্ব দাস, জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, ধলাই সমষ্টির সাংসদ প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল, প্রাক্তন মন্ডল সভাপতি সোমেন দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন দাস, কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজকুমার রায় ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিশ্বজ্যোতি নাথ, জিপি সভাপতি অনুপ নাথ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজয় গোয়ালা, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দীনেশ রবিদাস, পালংঘাট মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক অজয় দেব, কিষান মোর্চার মন্ডল সভাপতি সুজিত দাস, অন্তু দেব প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker