Barak UpdatesHappeningsBreaking News

রক্তদান আন্দোলনে সহযোগী প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের

ওয়ে টু বরাক, ১৬ জুন : বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। এরই অঙ্গ হিসাবে ১৫ জুন, রবিবার রক্তদান আন্দোলনের সহযোগীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় শিলচর পাবলিক স্কুল রোডের কাঠিয়াবাবা আশ্রমে ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পালের সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, কেন্দ্রীয় সহ-সভাপতি জয় বরদিয়া, মহিলা শাখার সভানেত্রী সিক্তা পাল, কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির সাধারণ সম্পাদক মৃদুল মজুমদার প্রমুখ। সম্মানিত অতিথিবৃন্দের দ্বারা প্রদীপের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে সকলেই রক্তের এ-বি-ও গ্রুপ আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের বিশিষ্ট সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। তাঁদের বক্তব্যে উঠে আসে মানবিকতা, বিজ্ঞান ও সংগঠিত প্রয়াসের এক অপূর্ব সম্মিলন। মৃদুল মজুমদার চিকিৎসা বিজ্ঞানে ড. কার্ল ল্যান্ডস্টেইনার-এর যুগান্তকারী আবিষ্কারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, রক্তের গ্রুপ আবিষ্কার করে তিনি চিকিৎসা জগতে এক অনন্য দিগন্ত উন্মোচন করেছেন। ড. মনোজ কুমার পাল সহযোগী সংগঠনগুলোর প্রতি ফোরামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রোগীর প্রাণরক্ষার জন্য ক্রমবর্ধমান রক্তের চাহিদা মেটাতে আমাদের আরও বেশি রক্তদাতা ও সংগঠনকে এগিয়ে নিয়ে আসতে হবে। আশু পাল সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী বক্তব্যে ড. ল্যান্ডস্টেইনারের গবেষণা জীবনের কঠিন অধ্যায়গুলির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, মানবকল্যাণের উদ্দেশ্যে তিনি যে সংগ্রাম ও অধ্যবসায় দেখিয়েছেন, তা আজকের রক্তদাতা ও সংগঠনগুলির জন্য এক অসাধারণ অনুপ্রেরণা। নবেন্দু নাথ ফোরামের রক্তদান আন্দোলনে সহযোগী প্রতিটি সংগঠন ও তাদের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেবব্রত পাল তাঁর বক্তব্যে সারা বছর ধরে বিভিন্ন সংগঠন যেভাবে ফোরামের পাশে থেকে কাজ করেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিক্তা পাল উপস্থিত সকলকে রক্তদান আন্দোলনে আরও বেশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অনুরোধ জানান।

সম্মাননা প্রাপ্ত রক্তদান আন্দোলনের সহযোগী সংগঠন বা প্রতিষ্ঠানগুলি হল- ব্রাহ্মণ গ্রাম অখণ্ড মণ্ডলী, কালাইন, অল মেডিক্যাল সেলস পিপল অ্যাসোসিয়েশন, শিলচর, লায়ন্স ক্লাব অব লক্ষীপুর, লিও ক্লাব অব লক্ষীপুর, এইচডিএফসি ব্যাঙ্ক শিলচর, সার্ভিস ওয়ার্ল্ড, আর্য এনজিও, শিলচর অখণ্ড মহিলা সমিতি, জি.সি. পাল কলেজ অব এডুকেশন, রামকৃষ্ণনগর, শিবসংঘ ক্লাব, উধারবন্দ, রামকৃষ্ণনগর কলেজ, রামকৃষ্ণনগর সোসিও ওয়েলফেয়ার সোসাইটি, শিলচর, আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক, শিলচর পৌরসভা, ভারতীয় জনতা যুব মোর্চা, শিলচর রাধামাধব কলেজ, কাঠিয়াবাবা আশ্রম, গোলদিঘি মিউনিসিপাল মল, রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা, এসো বলি, সৎসঙ্গ বিহার, শিলচর, নূপুর নৃত্য কেন্দ্র ও সামাজিক সংস্কৃতি সংস্থা উধারবন্দ, লায়ন্স ক্লাব অব রামকৃষ্ণনগর, লিও ক্লাব অব রামকৃষ্ণনগর, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি ব্লাড ডোনেশন সেল, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার, লিও ক্লাব অব শিলচর গ্রেটার, লায়ন্স ক্লাব অব শিলচর অনন্ত, লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ, লিও ক্লাব অব শিলচর কেয়ার, লিও ক্লাব অব শিলচর টাইটান, লিও ক্লাব অব শিলচর সিগনেচার, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার, বরাক ব্লাড সেন্টার ও রিসার্চ সেন্টার, জেলা ক্রীড়া সংস্থা শিলচর, দানিশ ফাউন্ডেশন, নেতাজি যুব ক্লাব, জিরিঘাট, সুভাষনগর-কলেজ রোড সর্বজনীন দুর্গা পূজা কমিটি ও জয়া ফাউন্ডেশন।

এছাড়াও ফোরামের দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে যে যে প্রতিষ্ঠান ও ব্যক্তি বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদেরও সম্মানিত করে ফোরামের কাছাড় জেলা কমিটি। অনুষ্ঠানে রক্তদান আন্দোলনের সহযোগীদের শুভেচ্ছা স্মারক তুলে দেন ফোরামের কেন্দ্রীয়, জেলা স্তর এবং মহিলা শাখার বিভিন্ন পদাধিকারী এবং সদস্যরা। সম্মাননা গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ড. দিলোয়ার হোসেন, প্রদীপ বণিক, অনুপ কুমার বিশ্বাস, গোবিন্দ তালুকদার প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দেবব্রত পাল। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফোরামের কাছাড় জেলা সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত।

উল্লেখ্য, রক্তের এ-বি-ও গ্রুপ আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনার এর জন্মদিন সারা পৃথিবীতে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হচ্ছে সকল স্বেচ্ছা – রক্তদাতাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানানোর জন্য। ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker