India & World UpdatesHappeningsBreaking News
যুব সমাজের রোজগার নেই, কৃষকের হাল বেহাল, বাজেটকে কটাক্ষ রাহুলের

ওয়েটুবরাক, ২ ফেব্রুয়ারি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট ভারতের প্রকৃত সংকটগুলিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। তাঁর মতে, এই বাজেট দেশের অর্থনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ।
বাজেট নিয়ে কড়া ভাষায় সমালোচনা করে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, ‘বেকার তরুণ সমাজ, উৎপাদনে ধস, বিনিয়োগকারীদের মূলধন প্রত্যাহার, পরিবারের সঞ্চয় হ্রাস, কৃষকদের দুর্দশা এবং বিশ্ব অর্থনীতির সম্ভাব্য ধাক্কা এই সবই উপেক্ষিত। এটি এমন এক বাজেট, যা ভারতের প্রকৃত সংকট সম্পর্কে অজ্ঞ এবং সংশোধনের প্রয়োজন অস্বীকার করে।’
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও বাজেট বক্তৃতাকে ‘নিষ্প্রভ’ বলে আখ্যা দেন। তাঁর বক্তব্য, প্রায় ৯০ মিনিটের বাজেট বক্তৃতার পরেও প্রধান প্রকল্প ও কর্মসূচির জন্য বরাদ্দের কোনও স্পষ্ট চিত্র পাওয়া যায়নি। তিনি লেখেন, ‘বিস্তারিত নথি খতিয়ে দেখা প্রয়োজন হলেও এটা পরিষ্কার যে এই বাজেটকে ঘিরে যত প্রচার করা হয়েছিল, বাস্তবে তা অনেকটাই ফাঁপা। বক্তৃতাটিও ছিল অস্পষ্ট।’
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মোদি সরকারের বাজেট থেকে তাঁর বিশেষ কোনও প্রত্যাশাই ছিল না।
অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর হতাশা প্রকাশ করেন কেরালার নাম না থাকায়। তিনি বলেন, ‘মৎস্য, কাজু বা নারকেলের মতো কিছু খাতের উল্লেখ থাকলেও কেরালার নাম স্পষ্টভাবে নেই। সম্পূর্ণ বিবরণ না দেখে সিদ্ধান্তে পৌঁছতে চাই না, তবে একজন কেরালার সাংসদ হিসেবে বলতেই হয়, এই বাজেটে খুশি হওয়ার মতো কিছু নেই।’
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আরও কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ‘এই বাজেট পাঁচ শতাংশ অভিজাত মানুষের জন্য। যে সরকারের কাছ থেকে কোনও আশা নেই, তার কাছ থেকে আর কী-ই বা প্রত্যাশা করা যায়?’



