Barak UpdatesHappeningsSportsBreaking News

মাতৃভূমি কাপের ফাইনালে ইন্ডিয়ান এফ.সি

ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বরঃ খেতাব দখলে মাত্র এক কদম দূরে ইন্ডিয়ান এফ.সি । মঙ্গলবার প্রথম দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবলের মেগা ফাইনালে উঠল ইন্ডিয়ান এফ.সি । ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ ব্রাইট স্টার এফ.সি-কে ২-১ গোলের ব্যবধানে পরাস্ত করে ২০২৫ সালের মাতৃভূমি কাপ ফুটবলের ফাইনালে চলে যায় ইন্ডিয়ান এফ.সি ।

এদিন গোটা মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ, মাঠে ছিল না তিল ধারণের জায়গা। এদিন প্রথমার্ধের খেলায় ২-১ গোলের লিড পায় ইন্ডিয়ান এফ.সি । খেলার ৮ মিনিটের মাথায় ডি বক্সের সামনে পেনাল্টি পেয়ে যায় ব্রাইট স্টার ক্লাব, সেখান থেকে গোল করেন চুঙ্গা এবং এগিয়ে যায় ব্রাইট স্টার। কিন্তু খেলার ২৫ মিনিটে ইন্ডিয়ান এফ.সি-কে সমতায় ফেরান বিয়াক্কিমা এবং ৩০ মিনিটে ডেভিড অসাধারণ গোল করে ইন্ডিয়ান এফ.সি-কে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে রাখেন।

টানটান উত্তেজনা, আক্রমণ ও প্রত্যাক্রমণে বেশ জমে ওঠে দ্বিতীয়ার্ধের ম্যাচ। দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দলই গোল করতে সক্ষম হয়নি। শেষমেশ ২-১ গোলে বাজিমাত করে ইন্ডিয়ান এফ.সি এবং প্রথম দল হিসাবে চলে যায় বহুকাঙ্খিত মাতৃভূমি কাপের ফাইনালে । এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইন্ডিয়ান এফ.সি দলের খেলোয়াড় বিয়াক্কিমা । তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দেবরায়, কৃষ্ণজীবন দেবনাথ ও বিভাস রঞ্জন দেব ।

এদিন খেলা পরিচালনা করেন আব্দুল মজিদ চৌধুরী, শামিম আহমেদ বড়ভূঁইয়া ও কমরুজ্জামান লস্কর। চতুর্থ রেফারি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ বর্মণ।

 এদিন আয়োজক সংস্থার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয়। আয়োজক সংস্থার সভাপতি সীতাংশু দাস জানান, মাতৃভূমি-র কাপ ফুটবল ২০২৫ এর শুভারম্ভ থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মকর্তারা উক্ত টুর্নামেন্টকে সম্প্রচারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে যে অসামান্য অবদান রেখে চলেছেন তার কৃতজ্ঞতা স্বরূপ এই সম্মাননা তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার টিএইচবি আর্জানপুর ও লোকনাথপুর ইয়ংস্টার দলের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল । ওইদিন বেলা ২ ঘটিকায় স্পন্সরদের সংবর্ধিত করবে মাতৃভূমি সামাজিক সংস্থা । টুর্নামেন্টের মেগা ফাইনাল আগামী ৭ সেপ্টেম্বর রবিবার জানিয়েছেন মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস। উল্লেখ্য এদিনের সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker