NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে ফের জঙ্গিহানা, প্রাণ হারালেন চারজন

ওয়েটুবরাক, ২৮ আগস্ট: ফের হিংসার ছোবলে প্রাণহানি ঘটেছে মণিপুরে। কাঙপকপি জেলায় জঙ্গি হানায় চারজনের মৃত্যু ঘটেছে। তাঁদের মধ্যে রয়েছেন এক বেসরকারি বিদ্যালয়ের অধ্যক্ষও। জখম হয়েছেন একজন। পুলিশ জানিয়েছে, নিহতরা সকলেই নাগা জনগোষ্ঠীর। পথে গাড়ি থামিয়ে জঙ্গিরা খুব কাছে থেকে গুলি করে হত্যা করে তাদের। চার মৃতদেহই সেনাপতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তিও ওই হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলায় নাগা ছাত্রনেতা জাপৌ এম. কে. অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের পর সেনাপতি জেলা সদর শহরে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেয় নাগা পিপলস অর্গানাইজেশন।
বিভিন্ন নাগা সংগঠনের অভিযোগ, মাকুই আশাং ও থানাম্বা নাগার মধ্যবর্তী এলাকায় দুই থেকে তিনজন সশস্ত্র কুকি জঙ্গি নিরীহ নাগা সাধারণ নাগরিকদের ওপর হামলা চালায়। আইটি রোড সংলগ্ন এলাকায় বসবাসকারী নাগা সম্প্রদায়ের মানুষের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম।
মণিপুরের নাগা জনগোষ্ঠীর শীর্ষ সংগঠন ইউনাইটেড নাগা কাউন্সিল এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, সরকার পক্ষপাতমূলকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করছে। সরকারের সঙ্গে ‘সাসপেনশন অব অপারেশনস’ চুক্তির আওতায় থাকা কুকি জঙ্গিদের অবাধে কার্যকলাপ চালানোর সুযোগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি। এই নৃশংস ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠনেরও দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলা শান্তি, নাগা রাজনৈতিক সংলাপ, সরকার ও নাগা সংগঠনগুলির মধ্যে চলমান শান্তি প্রক্রিয়া এবং নিজেদের পূর্বপুরুষের ভূমিতে নাগাদের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। পাশাপাশি হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা এবং সংবেদনশীল এই অঞ্চলে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে সরকার ও নিরাপত্তা সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছে নাগা সংগঠনগুলি।



