Barak UpdatesHappeningsBreaking News
বড়খলার জিসি মেমোরিয়াল স্কুলে গ্রীষ্মকালীন শিবির সম্পন্ন

ওয়ে টু বরাক, ২৬ জুলাই : বড়খলার পিএমশ্রী রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল এইচএস স্কুলে শেষ হলো গ্রীষ্মকালীন কর্মশালা। ২৬ জুলাই স্কুল চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন করেন অতিথিরা।
“দ্য গ্রুপ অব কালার্স” এনজিও-র পক্ষ থেকে কর্মশালার ছাত্র-ছাত্রীরা সবাইকে চন্দনের ফোটা ও গামছা পরিয়ে বরণ করে। করা হয় । তারপর সংগঠনের সম্পাদক তথা চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ প্রথমে এই ১৫ দিনের কর্মশালা সম্পর্কে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ফোক আর্ট এবং হস্তশিল্প কর্মশালা এই অঞ্চলে প্রথমবার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০:৩০ মিনিটে শুরু হয় কর্মশালা। এতে প্রথমে শুরু হয় শরীরচর্চা। তাতে বিভিন্ন আসন এবং এগুলোর গুণাগুণ সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। হস্তশিল্প কর্মশালায় বিশেষ করে খবরের কাগজ দিয়ে ছোট ডাস্টবিন, প্যানস্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড ইত্যাদি রকমারি জিনিসপত্র তৈরি করা শেখানো হয়। স্কুলের ছাত্র-ছাত্রীরা মনোযোগ সহকারে এইসব সামগ্রী তৈরি করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, বিহারের প্রাচীন শিল্পকলা, লোকচিত্র ছাত্রছাত্রীদের প্রথমে কাঠ পেন্সিলে আঁকা শেখানো হয়। তারপর বিভিন্ন রঙের সাহায্যে সেগুলো ফুটিয়ে তোলা হয়। এই ছবিগুলো ছাত্রছাত্রীরা খুব মনোযোগ সহকারে শিখে নিদর্শন তৈরি করেছে।
কর্মশালায় উপস্থিত কাছাড়ের সহকারী কমিশনার অঞ্জলী কুমারী বলেন, প্রথমবার এই প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের কর্মশালায় ছাত্র-ছাত্রীদের মনে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটেছে। প্রাচীন বিহারের লোক শিল্প কাগজে রঙের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তাছাড়া ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দরভাবে প্যানস্ট্যান্ড তৈরি করেছে। তাঁর কথায়, ‘সত্যিই আমি বাকরুদ্ধ, এজন্য চিত্রশিল্পী তথা প্রশিক্ষক গৌরশঙ্কর নাথের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।’ ডাঃ বিপ্লব দাস বলেন, এত সুন্দর সুন্দর কলা এতো কম দিনে ছাত্রছাত্রীরা তৈরি করেতে পেরেছে, এজন্য সত্যিকার অর্থেই ওরা প্রশংসার যোগ্য। পরে প্রত্যেক অতিথি একে একে এই গ্রীষ্মকালীন কর্মশালা সম্পর্কে বক্তব্য রাখেন।
এ দিকে, এই চিত্রকলা এবং হাতে তৈরি সামগ্রী নিয়ে একদিনের প্রদর্শনীর আয়োজন করা হয়। অতিথিরা ফিতে কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন এবং সবাই সামগ্রীগুলো ঘুরে দেখেন। এ দিন অন্যদের মধ্যে ছিলেন পিএমশ্রী রাজা জিসি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহ সভানেত্রী চম্পা দাস, বড়খলার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শিবুচন্দ্র দাস, সমাজসেবী সুস্মিতা দাস, স্কুলের শিক্ষক রনঞ্জয় দত্ত, রাজর্ষি শর্মা মজুমদার, আইনুল হক বড়ভূঁইয়া, ব্রহ্মানন্দ কর্মকার, মুজাক্কির হোসেন বড়ভূঁইয়া, দিব্যজ্যোতি বড়ুয়া, রুহুল আলম লস্কর প্রমুখ।
প্রসঙ্গত, রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১১ জুলাই বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালার সূচনা হয় বড়খলায়। এরপর শুক্রবার কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বড়খলায় পিএমশ্রী রাজা গোবিন্দ চন্দ্র মেমোরিয়াল এইচএস স্কুলে আয়োজিত ১৫ দিনের যোগাসন, ফোক আর্ট এবং হস্তশিল্প কর্মশালায় বিশিষ্ট প্রশিক্ষক চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথের সঙ্গে সহযোগী প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশাল দাস, পিংকি দাস, বিথীকা দাস এবং চয়ন চক্রবর্তী।

