Barak UpdatesAnalyticsBreaking News
বাংলা সাহিত্যের উজ্জ্বল স্রষ্টা মিথিলেশ ভট্টাচার্যের মৃত্যুতে শোক আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের

ওয়ে টু বরাক, ২১ অক্টোবর : উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট গল্পকার তথা ঔপন্যাসিক মিথিলেশ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বিভাগীয় প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে বলেছেন, মিথিলেশ ভট্টাচার্য ছিলেন উত্তর পূর্বের বাংলা সাহিত্যের এক উজ্জ্বল স্রষ্টা। সত্তরের দশকে লেখালেখি আর সাময়িকপত্র সম্পাদনার কাজে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন। প্রচারকুণ্ঠ মৃদুভাষী এই সাহিত্যিক এক নিজস্ব মায়াময় গদ্যভাষা গড়ে নিয়েছিলেন, যা মন্ময় কবিতার মতোই অনুভূতিকে ছুঁয়ে ছুঁয়ে যায়। দেশভাগোত্তর বরাক উপত্যকায় ছিন্নমূল মানুষের থিতু হবার নিরবচ্ছিন্ন সংগ্রামের এক মৃদুকণ্ঠ ভাষ্যকার তিনি। নায়কের সন্ধানে তাঁকে পাড়ি দিতে হয়নি আধচেনা মহানগরে।
তিনি আরও বলেন, বরাক উপত্যকায় কৃষিজীবী থেকে মৎস্যজীবী, দিনমজুর থেকে কাঠবেকার তাঁর লেখায় হাজির হয় নিজেদের স্বর নিয়ে। নিম্ন মধ্যবিত্ত প্রেক্ষণ থেকে ক্রমপ্রসারমান শিলচর ও মফসসলের জনপদকথা লিখে গেছেন তিনি। নিটোল গল্প বলার চেয়ে চলমান জীবনের টুকরো ছবির কোলাজ গড়ে তোলার দিকে ছিল তাঁর শিল্পী সত্তার পক্ষপাত। নিরভিমান এই মানুষটি ছিলেন তরুণ লেখকদের নিজস্ব বাতিঘর, বেশ কিছু গদ্যকারকে তিনি আক্ষরিক অর্থেই গড়েপিটে নিয়েছেন। জীবনের শেষ পর্যন্ত তিনি ছিলেন সক্রিয় লেখনকর্মী। মোটামুটি সুস্থই ছিলেন, প্রেসে বসে নিবিষ্টমনে বই কিংবা ম্যাগাজিনের প্রুফ দেখতে দেখা গেছে তাঁকে এই সেদিনও। এই প্রয়াণ তাই আকস্মিক।
অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য এও বলেন, তাঁর মৃত্যুতে উত্তর পূর্বের সাহিত্যের অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ প্রয়াত সাহিত্যিক মিথিলেশ ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।



