Barak UpdatesHappeningsBreaking News
বাংলা ক্যালেন্ডার মেনে আর্য সংস্কৃতির ৫ জ্যৈষ্ঠ পালন

ওয়েটুবরাক, ২১ মেঃ ১৯৬১ সালের ১৯ মে বাংলা ক্যালেন্ডারে ছিল ৫ জ্যৈষ্ঠ। আর্য সংস্কৃতি বোধনী সমিতি তাই মঙ্গলবার ভাষাশহিদ দিবস পালন করে। শহিদত্ব বরণের সেই মুহূর্ত অর্থাৎ বেলা ২টা ৩৫ মিনিটে তাঁরা রেলস্টেশনে দাঁড়িয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। পরে তিনটা থেকে ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির মঞ্চে শুরু হয় সঙ্গীত-নৃত্যে একাদশ শহিদ স্মরণ। তাঁদের আহ্বানে অন্য বেশ কয়েকটি সংস্থাও একই মঞ্চে অংশ নেয়।
অন্যান্য অনুষ্ঠানের মতোই এ দিনও বন্দেমাতরম গানে কর্মসূচির সূচনা করে আর্য সংস্কৃতি বোধনী সমিতির সদস্যা-শিল্পীরা। এর পরেই ছিল ৫ জ্যৈষ্ঠের গান। তাঁরা সমবেত নৃত্য এবং সমবেত সঙ্গীতও পরিবেশন করেন। আর্য সংস্কৃতির শিশুশিল্পীরাও সমবেত সঙ্গীত পরিবেশন করে।
এ দিনের এই অনুষ্ঠানে শহিদদের শ্রদ্ধা নিবেদনে গান গেয়ে শোনান শান্তিসুধা সঙ্গীত একাডেমির কল্যাণী দাম, অনুপমা দে, শিবম সাংস্কৃতিক সংস্থা থেকে সুস্মিতা হোম চৌধুরী ও নীলাঞ্জন পাল। সঙ্গীত পরিবেশন করেন শর্মিষ্ঠা দাস চাকি ও দেবাশিস চন্দ। একক সঙ্গীতে ছিলেন মাম্পী চৌধুরী, রত্নেশ্বর নাথ, তপশ্রী বিশ্বাস ও শতরূপা চক্রবর্তী। দুই শিশুশিল্পী দীপায়ন রায় এবং অস্মিতা দাসও একক সঙ্গীত শোনায়। নৃত্য পরিবেশন করেন পূর্ণিমা ড্যান্স অ্যাকাডেমি ও বংশীতা কলা নিকেতনের শিল্পীরা।
৫ জ্যৈষ্ঠ পালন প্রসঙ্গে আর্য সংস্কৃতি বোধনী সমিতির কর্মকর্তারা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে গিয়ে প্রাণ হারালেও ১৯৬১ সালের ১৯ মে দিনটি বাংলায় কত তারিখ ছিল, এর উত্তর অধিকাংশ মানুষই জানতেন না। তাঁরাই বের করেন বাংলা ক্যালেন্ডারে দিনটি ছিল ৫ জ্যৈষ্ঠ। এর পর থেকেই শুরু হয় ৫ জ্যৈষ্ঠে ভাষাশহিদ দিবস পালন। তবে ১৯ মে তারিখে ভাষাশহিদ দিবস পালন মানুষের কাছে এতটাই পৌঁছে গিয়েছে, একে বদলে বাংলা তারিখে ভাষাশহিদ দিবস পালনের কথা বলা অর্থহীনতারই নামান্তর বলে মনে করেন তারা। তাই আর্য সংস্কৃতি বোধনী সমিতির সদস্য-সদস্যারা ১৯ মে পালনেও সামিল হন। দুই দিনই আয়োজন করেন শহিদ শ্রদ্ধাঞ্জলি।
এ দিন আর্য সংস্কৃতি বোধনী সমিতির তরফে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমর্পিতা ভট্টাচার্য, সঙ্গীতা চৌধুরী, আরতি রায়, পম্পা ভট্টাচার্য, শিবানী ভট্টাচার্য, শেফালি রায় ও অনিমা ভট্টাচার্য।



