India & World UpdatesHappeningsBreaking News

বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে আটক ইজরায়েলিদের মুক্তি দিতে রাজি হামাস

ওয়েটুবরাক, ৪ অক্টোবর: ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক সব ইজরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র এ সংগঠন শুক্রবার জানায়,  ‘গভীর শলা পরামর্শের’ পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকালই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, আগামী রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার মধ্যে শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নিতে হবে। নয়তো হামাসকে ‘নরকযন্ত্রণা ভোগ’ করতে হবে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে।

এক বিবৃতিতে গতকাল হামাস জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই প্রস্তাবে উল্লিখিত বন্দিবিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। তবে বন্দিবিনিময়ের জন্য মাঠপর্যায়ের শর্ত মানতে হবে।

 

হামাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এ পরিস্থিতিতে বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে টেবিলে ফিরতে প্রস্তুত আছে হামাস। তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট) কাছে হস্তান্তর করতে চায়। এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামি বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে।

হামাসের এ ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানিয়ে ইজরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেন, যাতে জিম্মিদের নিরাপদে ও দ্রুত মুক্ত করা যায়।

ট্রাম্প বলেন, ‘যেসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ-আলোচনা করছি। এটি শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠারই প্রচেষ্টা।’

হামাস স্পষ্ট করেছে, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার পুরোটায় তাদের সম্মতি নেই। আংশিক সম্মতি দিয়েছে তারা। হামাস কর্মকর্তা মুসা আবু মারজুক  বলেন, ইজরায়েলি দখলদারিত্ব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা (গাজায়) নিরস্ত্রীকরণ করবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker