Barak UpdatesHappeningsBreaking News
প্রস্তুতি চূড়ান্ত, কাল গান্ধীমেলার মাঠে ‘বরাক কার্নিভাল’

ওয়েটুবরাক, ২০ ডিসেম্বর: শিলচরে এখন বর্ষশেষের উৎসবের ধুম লেগেছে। মাঠে মাঠে চলছে এক্সপো। গান্ধীভবনে হচ্ছে থিয়েটারের পৌষ পরব। ঠিক এই সময়েই ‘বরাক ইভেন্টস’ তাদের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ‘বরাক কার্নিভালে’র জন্য। আগামী রবিবার গান্ধীমেলার মাঠে অনুষ্ঠিত হবে ওই কার্নিভাল।
আজ শুক্রবার ‘বরাক ইভেন্টস’ কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ‘স্কিলবক্সেস ডটকমে’ অনলাইন টিকিট বিক্রি ভালোই হয়েছে। অপ্রত্যাশিত সাড়া মিলছে। তাঁদের আশা, অন্তত দুই হাজার দর্শকের সমাগম হবে সেদিন।
সভাপতি সুদীপ সিনহা, সাধারণ সম্পাদক আকাশনীল চক্রবর্তী ও কোষাধ্যক্ষ রাজর্ষি সিনহা জানান, শিল্পীরা শনিবারই শিলচরে এসে পৌঁছাবেন। রবিবার বেলা দেড়টায় কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন। গানবাজনা, খাওয়াদাওয়া, বেচাকেনা চলবে বেলা দুইটা থেকে রাত দশটা পর্যন্ত। কার্নিভালের আকর্ষণ হিসেবে থাকবে বরাক উপত্যকার দশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং পপ-রেপ-রক সঙের কথা। দশ জনগোষ্ঠীর ঐতিহ্যগত নৃত্য যেমন থাকবে, তেমনি থাকবে তাঁদের পরম্পরাগত খাবারের স্টল। আসছেন গুয়াহাটির “শুন লো না”-খ্যাত পপস্টার সুজন, ২০২৪-র হর্নবিল উৎসবের চ্যাম্পিয়ন কোহিমার রক-টিম ‘ফিলথ নোট’, সিলেটি রেপের জন্য এই অঞ্চলে জনপ্রিয় শিলঙের লিও বয়েজ এবং লোকাল টিম ডাইক্রোমেটিক্স। গাইবেন শিলচরের ‘নিউ এজ মিউজিক্যাল সেনসেশন’ বেদিকা সিনহাও। নৃত্য পরিবেশন করবেন আশিয়া সিনহা। মাঠে থাকবে ৩০টি স্টল। ট্যাটু আঁকার সঙ্গে বেকারি, জুয়েলারি শো-রুমও। টাইটান এই কার্নিভালের টাইটেল স্পন্সরার। সঙ্গে রয়েছে ইঞ্জিন তেল, কোকা কোলা এবং বিলাসিনী মেডিক্যাল স্টোরস। শো-রুম থাকবে তাদেরও, জানান আয়োজকরা।
পঙ্কজ কান্তি সিনহা ও সুমনা সিনহা জানান, শিলচর পুর নিগমও রয়েছে সহযোগীর ভূমিকায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সরার ইঞ্জিন তেলের এরিয়া ম্যানেজার গৌতম দাস এবং বিলাসিনী মেডিক্যাল স্টোরসের কর্ণধার জেপি সিনহাও।



