NE UpdatesHappeningsBreaking News
পাহাড় লাইনে পুনরায় শুরু রেল চলাচল

ওয়েটুবরাক, ২৯ জুনঃ লামডিং-বদরপুর হিল সেকশনের জাটিঙ্গা লামপুর-নিউ হাফলং সেকশনের ক্ষতিগ্রস্ত অংশের মধ্য দিয়ে ট্রেন চলল আজ। কাল সোমবার থেকে সম্পূর্ণ রূপে পরিষেবা চালু হবে বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।

মু্খ্য জনসংযোগ অফিসার কপিঞ্জল কিশোর শর্মা বলেন, এ দিন প্রথমে খালি পণ্যবাহী ট্রেন এই সেকশন দিয়ে যায়। সকাল ১০টা ২১ মিনিটে নিউ হারাঙ্গাজাও থেকে রওনা হয়ে নির্বিঘ্নে ওই জায়গা অতিক্রম করে এটি। পরে শিয়ালদহ থেকে শনিবার রওয়ানা হওয়া শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রী সহ পেরিয়ে যায়। সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও নির্বিঘ্নে চলে। এছাড়াও, রঙিয়া থেকে একটি বিশেষ রিলিফ ট্রেন সফলভাবে আগরতলায় যায়। পাহাড়ের বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীদের তুলে নিয়ে যায় এই ট্রেন। এ ভাবেই পাহাড় লাইনের যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার হয়।
প্রসঙ্গত, ক্রমাগত ভারী বৃষ্টিপাতের ফলে জাটিঙ্গা লামপুর-নিউ হাফলং সেকশন ভূমিধসের ঘটনা ঘটে। ফলে ট্র্যাকের ব্যাপক ক্ষতি হয়। এর দরুন যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ি উভয় পরিষেবাই বিঘ্নিত হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন, কাজের পর্যালোচনা করেন।


