India & World UpdatesHappeningsBreaking News

পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত

ওয়েটুবরাক, ১ মে: পাক সংস্থার কোনও বিমান এখন থেকে আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত। বুধবার রাতে নয়াদিল্লির তরফে এই ঘোষণা করা হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। বুধবারের ঘোষণা তাতেই নতুন সংযোজন।

ভারতের বিরুদ্ধে অবশ্য একই পদক্ষেপ করেছে পাকিস্তান। এ বার পাল্টা পদক্ষেপ করল নয়াদিল্লিও। কেন্দ্রের তরফে বুধবার একটি ‘নোটিস টু এয়ার মিশন’ (এনওটিএএম) জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, “পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।”

সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আপাতত পাকিস্তানের বিমানগুলি ভারতের আকাশসীমা এড়িয়েই চলছিল। কিন্তু বুধবার আনুষ্ঠানিক ভাবে ভারত তাতে নিষেধাজ্ঞা আরোপ করল। এখন চাইলেও কোনও পাক বিমান ভারতের আকাশে প্রবেশ করতে পারবে না।

মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশিয়ানিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য পাকিস্তানের বিমান ভারতের উপর দিয়ে যাতায়াত করে থাকে। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় এ বার ইসলামাবাদকে সমস্যায় পড়তে হবে। কারণ ওই বিমানগুলিকে স্বাভাবিকের চেয়ে অনেকটা ঘুরে গন্তব্যে পৌঁছোতে হবে। যাত্রাপথ দীর্ঘ হওয়ায় বিমানে জ্বালানিও লাগবে আগের চেয়ে বেশি। ফলে খরচ বাড়বে। সময় বেশি লাগবে। বাড়তে পারে টিকিটের দামও। পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় ভারতের অনেক বিমানকেও একই সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker