NE UpdatesAnalyticsBreaking News
পদোন্নতি দিয়ে অসমের পূর্ণ সঞ্চালক প্রধানের দায়িত্ব হরমীত সিংকে

গুয়াহাটি, ২০ মে ঃ অসম পুলিশের ভারপ্রাপ্ত সঞ্চালক প্রধানের দায়িত্বে থাকা হরমীত সিংকে পদোন্নতি দিয়ে রাজ্য পুলিশের সঞ্চালক প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগ এক নির্দেশে হরমীত সিংকে পদোন্নতি সহ অসম পুলিশের পূর্ণ পর্যায়ের সঞ্চালক প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করেছে।
উল্লেখ্য, জিপি সিং অসম পুলিশের সঞ্চালক প্রধানের দায়িত্ব ছাড়ার পর ভারপ্রাপ্ত সঞ্চালক প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ১৯৯২ সালের আইপিএস আধিকারিক হরমীত সিং। গত ২৯ জানুয়ারি রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জিপি সিং অসম পুলিশের সঞ্চালক প্রধানের দায়িত্ব হরমীত সিংকে অর্পণ করেন। তিনি ১৯৯২ সালে আইপিএস আধিকারিক হিসেবে যোগদান করে ১৯৯৮ সাল পর্যন্ত অসমে কাটিয়েছেন। এরপর ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ডেপুটেশনে কেন্দ্র সরকারের বিভিন্ন পদে দিল্লি, গ্যাংটক, মস্কো ও শ্রীনগরে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির পুলিশ পদক সহ বিভিন্ন পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন।



