Barak UpdatesHappeningsBreaking News

‘নারীত্ব ২০২৬’ : পুরস্কার বিতরণী অনুষ্ঠান আসাম বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ১৯ মার্চ : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘নারীত্ব ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হলো। গতকাল বিপিন চন্দ্র পাল মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ডিন, অ্যাকাডেমিক্স অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্য। সঙ্গে ছিলেন ছাত্র কল্যাণের ডেপুটি ডিন অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী, স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অধ্যাপিকা এম তিনেশ্বরী দেবী, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই, ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদিকা মীমাংসা কৈরি প্রমুখ।

স্বাগত ভাষণ দেন ড. রত্না হুইরেম। তিনি নারী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বিজয়ীদের অভিনন্দন জানান। অধ্যাপক শুভব্রত দত্ত শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও ক্ষমতায়নের জন্য এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অধ্যাপক তরুণ বিকাশ সুকাই আয়োজকদের প্রচেষ্টার প্রশংসা করেন এবং অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী বিভিন্ন প্রাসঙ্গিক উদাহরণ তুলে ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

পরবর্তীতে বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন সমাজকর্ম বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও পুরস্কার বিতরণ করা হয়। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম, মিউজিক্যাল চেয়ার, জ্যাভলিন থ্রো, শটপুট, ১০০ মিটার দৌড়, রিলে রেস, ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ও রানার-আপদের হাতে পুরস্কার তুলে দেন। সর্বাধিক পয়েন্ট অর্জন করে ‘ব্লু হাউস’ চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker