India & World UpdatesHappeningsBreaking News
বঙ্গ সফরে মোদি
ওয়েটুবরাক, ১৯ জুন: পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকেশ্বর শহর সংলগ্ন বামনার পাড় এলাকায় প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান আয়োজিত হবে। সভাস্থলে একাধিক বিশালাকার ছাউনি তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে হেলিপ্যাড। পর্যাপ্ত নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে গোটা সভাস্থল। তারকেশ্বর মন্দিরসহ মন্দিরের দুধপুকুরকে গেরুয়া রঙে সাজিয়ে তোলা হয়েছে। তারকেশ্বর রাজবাড়িকেও গেরুয়া রঙে সাজানো হয়েছে। রাস্তার দু-দিকে থাকা বড় বড় গাছের গুঁড়িতে গেরুয়া-সাদা রং করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারকেশ্বরের ওই সভা মঞ্চে দাঁড়িয়ে রেল থেকে কৃষি, গ্রাম উন্নয়ন থেকে মৎস্য, ফসল বিমা যোজনা, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা-সহ পিএম কৃষক নিধি যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে পৌঁছে দেবেন। ২৩ তম পিএম কৃষক নিধি যোজনায় কৃষকদের মোট ১৮ হাজার ৮৮০ কোটি টাকা দেবেন প্রধানমন্ত্রী সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে। এর ফলে সারা দেশের প্রায় ৯ কোটি ৪৪ লক্ষ কৃষক উপকৃত হবেন। এ ছাড়াও গার্ডেনরিচ থেকে ভারতে তৈরি নৌবাহিনীর ৩ টি জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।



