India & World UpdatesHappeningsBreaking News
দীপোৎসবে ৩০ লক্ষ প্রদীপে সাজল অযোধ্যা
ওয়েটুবরাক, ৮ নভেম্বর: দীপোৎসবে ফের বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যা। প্রদীপের আলো, রঙিন সাজসজ্জা আর উৎসবের আনন্দ অন্য মাত্রায় পৌঁছে দিল ভূত চতুর্দশীর রাতকে।
এ বারের দশম দীপোৎসব উপলক্ষে ৩০ লক্ষেরও বেশি মাটির প্রদীপে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যাকে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মসনদে বসার পর প্রতি বছরই দীপাবলির আগে অযোধ্যায় এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়। প্রতিবছরই কোনও না কোনও রেকর্ড ভাঙে অযোধ্যা। এবার একযোগে ৩০ লক্ষ প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়ল রামের শহর।
দীপোৎসব উপলক্ষে সরযূ নদীর তীরে ৫৬টি ঘাটে এই প্রদীপ জ্বালানো হয়। প্রদীপের আলোয় ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে এক অপূর্ব দৃশ্য ধরা পড়েছে অযোধ্যা ধামে।
সেদিন সকাল থেকে প্রায় ৩৫ হাজার স্বেচ্ছাসেবক সকাল থেকে শুরু করেন প্রদীপে তেল ভরা এবং সলতে বসানোর কাজ। ঘাটের বিভিন্ন অংশে সারি সারি করে সাজানো হয় মাটির প্রদীপ। সব প্রদীপ একসঙ্গে জ্বলে উঠতেই গোটা অযোধ্যা নগরী যেন মায়ায় ভরে যায়।
শুধু সরযূর ঘাট নয়, রামমন্দির চত্বরেও জ্বালানো হয়েছে এক লক্ষ মাটির প্রদীপ। সেই সঙ্গে ঝাঁ চকচকে আলোকস্বচ্ছা এবং ছিল লাইট অ্যান্ড সাউন্ড শো । এর বাইরে উৎসবের অন্যতম আকর্ষণ ছিল রামকথা পার্কের বিশেষ অনুষ্ঠান। সেখানে ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণের রাজ্যাভিষেকের আয়োজন করা হয়।
সরযূ নদীর তীরের রাম কি পৈড়ি ঘাটে তৈরি হয়েছে চোখধাঁধানো আলোর দৃশ্য। অযোধ্যার সাজসজ্জাতেও এ বার ছিল আধুনিক প্রযুক্তির ছোঁয়া। বসানো হয় ৫০টি ডিজিটাল স্তম্ভ। এই স্তম্ভগুলির মাধ্যমে রামায়ণের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়।
এবারে অযোধ্যার দীপোৎসবের অতিথি ছিলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাম, সীতা ও লক্ষ্মণের রথ টেনে নিয়ে যান মুখ্যমন্ত্রী এবং দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক।
এদিনের অনুষ্ঠান দেখতে সরযূ নদীর তীরের ঘাটগুলিতে ভিড় জমান হাজার হাজার মানুষ।

