NE UpdatesHappeningsBreaking News

দিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অসমের আরবিএসকে কর্মসূচির সাফল্য তুলে ধরল রাজ্য প্রতিনিধি দল

ওয়েটুবরাক, ১৪ নভেম্বর: দিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অসমে পরিচালিত রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সাফল্য ও কার্যপদ্ধতি তুলে ধরল বিভাগীয় রাজ্য প্রতিনিধি দল। রাজধানী শহরের ভারত মন্ডপমে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০২৬-এ শনিবার থেকে প্রদর্শন করছে অসমের দলটি। আগামী ২১ নভেম্বর পর্যন্ত দলটি তাদের কার্যক্রমের সেখানে প্রদর্শন করবে।

প্রথমদিন অসমের স্টল পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব। এ সময় অসমের আরবিএসকে রাজ্য প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা রাজ্য পরামর্শদাতা ড০ আনন্দ শর্মা অসমের শিশুস্বাস্থ্য কর্মসূচি আরবিএসকে-র বিভিন্ন দিক, কার্যক্রম ও সফলতা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

অসমের আরবিএসকে দলের এই উপস্থাপনা ও সরাসরি স্বাস্থ্য পরীক্ষা প্রদর্শনে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং অসমের আগামী প্রজন্মের জন্য আরও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে দলের প্রচেষ্টার প্রশংসা করে তিনি সাফল্য কামনা করেন।

এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আরবিএসকের ডেপুটি কমিশনার ড০ শোভনা গুপ্তও অসমের স্টল পরিদর্শনে এলে তাঁকেও রাজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে কর্মসূচির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত করা হলে কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

রবিবার মেলার হেলথ প্যাভিলিয়নে শিশু ও তার অভিভাবকের উপস্থিতিতে বাক্‌শক্তি বিকাশের বিভিন্ন অনুশীলন পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন অসম আরবিএসকে দলের প্রতিনিধি তথা কাছাড় জেলার বিক্রমপুর স্বাস্থ্য খন্ডের মেডিক্যাল অফিসার (ডেন্টাল সার্জন) ডাঃ মৃগাঙ্ক শেখর ঘোষ। প্রদর্শনীর সময় চিকিৎসকের নির্দেশনায় শিশু ও তার অভিভাবক উভয়েই সক্রিয়ভাবে ওই অনুশীলনগুলিতে অংশগ্রহণ করেন।

শুধু স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে তথ্য প্রদানই নয়, বরং সাধারণ মানুষকে সরাসরি বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক অনুশীলনের সঙ্গে যুক্ত করে সচেতন করে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। আরবিএসকে দলের সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা এবং অংশগ্রহণমূলক উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অভিভাবকরা। বিশেষ করে শিশু ও অভিভাবককে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া এবং সহজ ও আকর্ষণীয় পদ্ধতিতে বিষয়গুলি বুঝিয়ে দেওয়ার উদ্যোগে তারা দারুনভাবে সন্তোষ প্রকাশ করেন।

প্রসঙ্গত, অসমের প্রতিনিধি ড০ আনন্দ শর্মা, ডাঃ মৃগাঙ্ক শেখর ঘোষ ছাড়াও রয়েছেন ডাঃ পি শর্মা, ফার্মাসিস্ট দীপজ্যোতি ছেত্রী এবং নার্স করুণিমা দেবী।

জাতীয় স্তরের এই বাণিজ্য মেলায় অসমের আরবিএসকে দলের এমন উদ্যোগ শিশুদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তাদের কথা বলা ও যোগাযোগের দক্ষতা বিকাশে অভিভাবকদের সচেতন করে তোলার ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য বহন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker