Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

দিল্লিতে উন্মোচিত গণেশ নন্দীর বই, চলছে প্রতাপ দেবের একক প্রদর্শনী  

ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর: দিল্লির অভিজাত ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো গণেশ নন্দীর নয়া বই ‘প্রতাপ দেব: এ লাইফ বর্ন ফর আর্ট’। বুধবার সন্ধ্যায় ওই গ্যালারিতে বরাকের পথিকৃৎ শিল্পী প্রতাপ দেবের পাঁচ দিনের একক শিল্প প্রদর্শনীর সূচনা হয়েছে । প্রদর্শনীর প্রথম দিনই বইটির মোড়ক উন্মোচিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, শিল্পানুরাগী সহ বিভিন্ন জগতের গুণীজন এতে উপস্থিত থাকেন।

১৯৩২ সালে করিমগঞ্জে (বর্তমান শ্রীভূমি) জন্মগ্রহণ করা প্রতাপ দেব শিল্প ক্ষেত্রে শুধু নিজস্ব চেষ্টা, নিষ্ঠা ও সাহসের জোরে এই অঞ্চল থেকে বেরিয়ে গিয়ে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন। ১৯৫৬ সালে কলকাতা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফ্ট থেকে অ্যাপ্লাইড আর্টে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। পরে ভারত সরকারের কৃষি মন্ত্রকে চিফ আর্ট ডিরেক্টর হিসেবে ভারতের বহু চর্চিত সবুজ বিপ্লবের রূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সফল প্রচারাভিযানের যাবতীয় পরিকল্পনা রূপায়িত হয় তাঁর হাত ধরেই। তাছাড়া শিল্পী হিসেবে অর্জন করেন দেশজোড়া খ্যাতি। শিল্প জগতে অসামান্য অবদানের জন্য তাঁকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করে অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি (আইফ্যাক্স) ।

 বরাকের এই অগ্রণী শিল্পীর জীবন ও কর্মের উপর আলোকপাত করে একটি বই লিখেন আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. গণেশ নন্দী। বইটিতে শুধু প্রতাপ দেবের জীবন ও কর্মই ধরা পড়েনি, ধরা পড়েছে করিমগঞ্জ সহ বরাক উপত্যকার প্রাক স্বাধীনতা পর্বের জীবন, সে সময়ের প্রকৃতি, নেতাজির করিমগঞ্জে আসা, সিলেটের পাকিস্তান অন্তর্ভুক্তি রুখতে এ অঞ্চলের প্রাণান্তকর প্রয়াস সহ বহু বিষয়।

  ইতোমধ্যে শিল্পীর ছেলে শুভেন্দু দেবের উদ্যোগেই ১০- ১৪ সেপ্টেম্বর, ২০২৫, নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে প্রয়াত প্রতাপ দেবের ৭০ বছরের শিল্পকর্ম নিয়ে আয়োজিত হয়েছে এক বিশাল প্রদর্শনী। বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ প্রদর্শনীর উদ্বোধন হয়। সেই প্রদর্শনীতে বিশিষ্টজনদের হাত ধরে গণেশ নন্দীর লেখা ‘প্রতাপ দেব: এ লাইফ বর্ন ফর আর্ট’ দ্বিভাষিক (ইংরেজি ও বাংলা) বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচিত হয়। মোড়ক উন্মোচন করেন পদ্মশ্রী ও সংগীত নাটক একাডেমী পুরস্কার প্রাপ্ত কিরণ সেগাল, দিল্লি কলেজ অব আর্টের প্রাক্তন অধ্যক্ষ নীরেন সেনগুপ্ত, ডিজাইনার ও ভিজুয়াল আর্টিস্ট যতীন কোচার, অরুন দাস, শুভেন্দু দেব, ভ্যালেরি গোভেইয়া প্রমুখ ব্যক্তিরা। প্রথম দর্শনেই বইটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বইটির প্রকাশক এ অঞ্চলের উদীয়মান প্রকাশনা সংস্থা ‘শীতালং পাবলিকেশন।’

 উল্লেখ্য, প্রতাপ দেবের প্রদর্শনী ঘিরে আগে থেকেই ব্যাপক সাড়া পড়েছিল। বুধবার উদ্বোধনীতে ব্যাপক শিল্পানুরাগীদের ঢল নামে। প্রদর্শনী আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিনই থাকবে বিভিন্ন শিল্প সংক্রান্ত আলোচনা। এতে অংশ নেবেন যতীন কোচার, রিতিকা কোচার, প্রাক্তন জাতীয় ক্রিকেটার বরুণ অ্যারন, বলিউড ডিজাইনার আকাশ কে আগরওয়াল, ভিস্যুয়াল আর্টিস্ট-সেরামিস্ট বিপাশা সেনগুপ্ত, আর্ট হিস্টোরিয়ান, কিউরেটর প্রীতি বাহাদুর রাম স্বামী, শিল্পী, লেখক, কিউরেটর ড. বেদ প্রকাশ ভরদ্বাজ, লেখক, সমালোচক ও কিউরেটর জনি এমএল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker