India & World UpdatesAnalyticsBreaking News
ডিসেম্বরে কলকাতায় সুরনন্দন ভারতীর সমাবর্তন

ওয়ে টু বরাক, ১৭ অক্টোবর : আগামী ৪ ও ৫ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে সুরনন্দন ভারতীর ৩২তম সর্বভারতীয় সম্মেলন ও সমাবর্তন অনুষ্ঠান। ৪ ডিসেম্বর যাদবপুরের ইন্দুমতী সভাগৃহে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। যেখানে সর্বভারতীয় স্তরে সম্মানীয় ব্যক্তিদের সাংস্কৃতিক জগতে তাদের অবদানের জন্য সম্মানিত করা হবে।সুরনন্দন ভারতীর বার্ষিক পরীক্ষায় দেশের সব সপ্তম বর্ষের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক দিয়ে সম্মানিত করা হবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিশিষ্ট শিল্পীবৃন্দ।

৫ ডিসেম্বর কলকাতার প্রিটোরিয়া স্ট্রিটের নাইটেঙ্গল হাসপাতালের কাছে জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হবে সুরনন্দন উৎসব। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন রাজ্যের বিশিষ্ট শিল্পীরা। সঙ্গীত, নৃত্য, অঙ্কন, যন্ত্র, আবৃত্তি নিয়ে থাকবে এক জমজমাট অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাসগুপ্ত। শিল্পীকে মহাসঙ্গীত সরস্বতী সম্মানে পুরস্কৃতও করা হবে অনুষ্ঠানে। সুরনন্দন ভারতী আয়োজিত সর্বভারতীয় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতি প্রতিযোগীদেরও পুরস্কৃত করা হবে।



