India & World UpdatesHappeningsBreaking News

গোর্খাল্যান্ডের বরাদ্দ ১৫০-২০০ কোটি, বড়োল্যান্ডের ৩০০০ কোটি, উত্তরবঙ্গে হিমন্ত

ওয়েটুবরাক, ১৯ এপ্রিল: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে প্রচার চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জনসভায় তিনি গোর্খা, চা-শ্রমিক ও অন্যান্য সম্প্রদায়ের জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনাও টানেন।

শনিবার কালিম্পঙে আয়োজিত জনসভায় হিমন্ত বলেন, “অসমে বড়ো সম্প্রদায়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) গঠন করা হয়েছে। আমরা বিটিসিকে প্রায় ৩,০০০ কোটি টাকা প্রদান করি। এছাড়াও আমরা বিভিন্ন দফতর তাদের কাছে হস্তান্তর করেছি, যাতে তারা স্বনির্ভরভাবে কাজ করতে পারে।” বিজেপি প্রার্থী ভারত ছেত্রির সমর্থনে প্রচার চালাতে গিয়ে হিমন্ত বলেন, “দার্জিলিং পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গঠন করা হয়েছিল। তবে এটি ১৫০ থেকে ২০০ কোটি টাকার বেশি পায়নি। তারপরও তৃণমূল এবং তাদের অনুগামীরা বিভিন্ন অজুহাতে এই তহবিল থেকে টাকা আত্মসাৎ করে। তাই গোর্খাদের সামগ্রিক উন্নয়নের জন্য বাংলায় বিজেপির প্রয়োজন।”

 মুখ্যমন্ত্রী অসমে চা-শ্রমিকদের উচ্চ মজুরির প্রসঙ্গও তোলেন এবং চা-পর্যটন নিয়ে তৃণমূল সরকারের নীতির সমালোচনা করেন।

“আমরা তিন লক্ষ চা-শ্রমিককে জমির অধিকার দিয়েছি, এবং এই প্রক্রিয়া চলছে। কিন্তু বাংলায় তৃণমূল সরকার চা-বাগানগুলো উদ্যোক্তাদের হাতে তুলে দিয়ে হোটেল ও কারখানা গড়ে তুলতে চায়। চা-বাগানের জমিতে শ্রমিকদেরই প্রথম অধিকার,” বলেন হিমন্ত।

তিনি আরও বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হলে সংবিধানের আওতায় পাহাড়ের জন্য একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের ব্যবস্থা করা হবে।

“অসমে আমরা গোর্খাদের সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত করেছি। তাদের জন্য একটি পৃথক উন্নয়ন পর্ষদও রয়েছে,” তিনি বলেন।

পরে কোচবিহারের দিনহাটা ও সিতাই বিধানসভা কেন্দ্রে দুটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত দাবি করেন, “আমরা অসমে সেঞ্চুরি (১০০টি আসন) করব। আর বাংলায় ডাবল সেঞ্চুরি করব। “

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker