Barak UpdatesHappeningsCulture
পুজো ‘২৫ (১) : গণধিশানন্দ মহারাজের হাত ধরে উধারবন্দ কালীবাড়ি রোডের খুঁটিপুজো

ওয়ে টু বরাক, ২৬ জুলাই : পুজোর বাকি এখনও দু’মাস। এর মধ্যেই পুজোর ঢাকে কাঠি দিয়ে শারদ বন্দনার বার্তা দিয়েছে উধারবন্দ কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটি। শুক্রবার উধারবন্দে খুঁটিপূজার মাধ্যমে মণ্ডপ তৈরির সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দজি মহারাজ। শঙ্খ ও উলুধ্বনি এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এক ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। এ বার কালীবাড়ি রোডের পুজো ৩৭ বছরে পা দিয়েছে।
এ দিকে খুঁটিপূজার পর এক সাংবাদিক সম্মেলনে পুজো কমিটির কর্মকর্তারা জানান, মণ্ডপ ও প্রতিমা দুটি ক্ষেত্রেই এ বার বিশেষ আকর্ষণ থাকবে। এ বার মণ্ডপ তৈরি করছেন নবদ্বীপের পঞ্চান্ন দেবনাথ ও প্রতিমা তৈরি করবেন উত্তম জানা। তবে আলোক সজ্জায় রয়েছেন শিলচরের অজিত দাস। ইতিমধ্যেই কলকাতায় মণ্ডপের ফাইবারের কাজ শুরু হয়েছে।
পুজো কমিটির সম্পাদক সায়ন রায় বলেন, পুজো দেখতে এসে এ বছর আর লাইনে দাঁড়িয়ে কুপন কাটতে হবে না দর্শনার্থীদের। এক মাস আগে অনলাইনে কুপন কাটার ব্যবস্থা থাকবে। তাছাড়া মন্ডপ তৈরি করা হবে অনেক উঁচু করে, ফলে ১০ কিলোমিটার দূর থেকে মন্ডপের চূড়া দেখতে পাওয়া যাবে।
মণ্ডপের ভেতরেও থাকবে নজরকাড়া কারুকার্য। তৈরি করবেন কাঁথির শিল্পী চন্দন মাঝি। দর্শনার্থীদের সুবিধার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। থাকবে দুস্থদের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচিও। এ বার উধারবন্দ কালীবাড়ি রোডের পুজো অতীতের সব রেকর্ড যে ছাপিয়ে যাবে, সেই বার্তাও দিয়ে রেখেছেন পুজো কমিটির কর্মকর্তারা।


