Barak UpdatesHappeningsBreaking News
ক্যানসার রোগী ও পরিজনদের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবার, শিলচরে ‘একতা লঙ্গর উদ্যোগ’

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর: সমাজসেবা ও মানবিক সংহতির এক অনন্য নজির গড়ে শিলচরে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘একতা লঙ্গর উদ্যোগ’। রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর, গুরুদ্বার শ্রীগুরু সিং সভা শিলচর এবং স্বেচ্ছাসেবী সংস্থা রাইজিং ইয়ুথ সোসাইটি-র যৌথ উদ্যোগে এই প্রকল্পের সূচনা হয়। এই উদ্যোগের মাধ্যমে ক্যানসার রোগী এবং তাঁদের সঙ্গে থাকা পরিজনদের সম্পূর্ণ বিনামূল্যে পুষ্টিকর খাবার পরিবেশন করা হবে।
শিলচরের কাছাড় ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার-এ নিয়মিতভাবে এই পরিষেবা চালু থাকবে। প্রথম দিনেই ১৫০ জনের হাতে পুষ্টিকর খাবার তুলে দিয়ে উদ্যোগটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
ক্যানসারের চিকিৎসার সময় রোগী ও তাঁদের পরিবারের উপর যে বিপুল মানসিক ও আর্থিক চাপ তৈরি হয়, তা বিবেচনা করেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে, এ কথা জানিয়ে তিনটি সংগঠনের কর্মকর্তারা বলেন, ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি সোমবার বিনামূল্যে খাবার বিতরণ করা হবে।
এর ফলে বরাক উপত্যকা এবং পার্শ্ববর্তী প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসার জন্য আসা ক্যানসার রোগী ও তাঁদের পরিজনরা অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই পরিষ্কার-পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবার পাবেন।
এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো খাবার পরিবহণের একটি বিশেষ ভ্যান। সাপ্তাহিক খাবার বিতরণ যাতে সুষ্ঠু, স্বাস্থ্যসম্মত ও কার্যকরভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচরের উদ্যোগে এই ভ্যানের ব্যবস্থা করা হয়েছে।

কাছাড় ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের অধিকর্তা তথা বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ পদ্মশ্রী ডা. রবি কান্নান আনুষ্ঠানিকভাবে ভ্যানটির উদ্বোধন করেন। তিনটি সংগঠনের এই যৌথ উদ্যোগের প্রশংসা করেন তিনি।
উদ্যোক্তারা জানান, ‘একতা’ শব্দটির মধ্যেই এই উদ্যোগের মূল ভাবনা নিহিত রয়েছে। সমাজের বিভিন্ন অংশের মানুষকে একত্রিত করে মানবসেবায় এগিয়ে আসাই এর লক্ষ্য। রোটারির বিস্তৃত নেটওয়ার্ক, গুরুদ্বারের দীর্ঘদিনের লঙ্গর বা সমবায় রান্নাঘরের ঐতিহ্য এবং যুবসমাজের উদ্যম—এই তিনের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়েই প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ।

